কাস্তে গ্রামের কামারেরা ব্যস্ত দিন-রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়াইবাড়িয়া গ্রামের এক কামার কুড়ালে শাণ দিচ্ছেন l প্রথম আলো
আড়াইবাড়িয়া গ্রামের এক কামার কুড়ালে শাণ দিচ্ছেন l প্রথম আলো

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রাম। এই গ্রামে তিন শতাধিক কামার পরিবার রয়েছে। গ্রামটির পরিচিতি ‘কাস্তে গ্রাম’ হিসেবে। প্রায় সারা বছরই এখানে দা-বঁটি, ছুরি, চাপাতি, কোদাল, কুড়াল তৈরি করা হয়। কিন্তু ঈদুল আজহার আগে এসব সরঞ্জাম তৈরিতে কামারেরা এখন খুব ব্যস্ত। দিন-রাত পরিশ্রম করেন তাঁরা।
আড়াইবাড়িয়া কাস্তে গ্রামে গেলে শোনা যায় হাতুড়ি পেটানোর শব্দ। কেউ ভারী হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন আগুনরঙা লোহার খণ্ড। কেউ ভোঁতা হয়ে পড়া দা ও ছুরিতে শাণ দিচ্ছেন। কেউবা হাপর টানছেন। কয়লার আগুনে বাতাস দিচ্ছেন।
আড়াইবাড়িয়া কাস্তে গ্রামের বাদল মিয়া বলেন, ঈদ সামনে রেখে প্রতিদিন আয় পাঁচ-সাত হাজার টাকা হলেও অন্য সময়গুলোতে তা হয় না।
জাকির মিয়া নামের এক বিক্রেতা বলেন, প্রতিটি দা আকৃতি ও লোহা ভেদে ১০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। ছুরি ১৫০ থেকে ৪০০, চাকু প্রতিটি ৫০ থেকে ১৫০, চাপাতি প্রতিটি ৩০০ থেকে ৭০০, কোদাল প্রতিটি ২০০ থেকে ৪০০ ও কুড়াল ২৫০ থেকে ৭৫০ টাকায় বিক্রি করছেন। শাণ দিতে ১০০ থেকে ২০০ টাকা নিচ্ছেন।
গ্রামের কয়েকজন কর্মকার বলেন, এ গ্রামের কর্মকারেরা বংশ পরম্পরায় নিপুণভাবে এসব ধাতব সরঞ্জাম তৈরি করেন। এগুলো খুবই ধারালো ও নিখুঁত। এ কারণে গ্রামের কর্মকারদের সুখ্যাতি রয়েছে। বিশেষ করে ঈদুল আজহা সামনে রেখে দা, ছুরি, চাপাতি ও কুড়ালের কদর বেড়ে যায়। এগুলো দেদারসে বিক্রি হয়। এসব তৈরি করতে কামারেরা ভৈরব, ঢাকা ও চট্টগ্রাম থেকে লোহা কিনে আনেন। আর আগুন জ্বালাতে ব্যবহার করেন কয়লা। এ গ্রামে তৈরি এসব ধাতব সরঞ্জাম ভৈরব, সিলেট, সুনামগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বরিশাল, পটুয়াখালী, বান্দরবান, খাগড়াছড়ি জেলায় সরবরাহ করা হয়।