২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আসামিপক্ষে জেরার দিন ধার্য করেছেন আদালত।
গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ দিন ধার্য করেন। গত ২৪ সেপ্টেম্বর কাহার আকন্দের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তিনি রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী।
এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত দুটি মামলাতেই রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তা কাহার আকন্দের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তিনি বলেন, মামলা দুটির অধিকতর তদন্তে তারেক রহমানসহ আরও ৩০ জনের নাম বেরিয়ে আসে, তাঁদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন আবদুল কাহার আকন্দ।
আদালত সূত্রে জানা যায়, এর আগে মামলার ৫১১ জন সাক্ষীর মধ্যে ২২৪ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২২ জন নিহত হন। আহত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ দলের কয়েক শ নেতা-কর্মী।