কাহার আকন্দের সাক্ষ্য গ্রহণ শেষ, জেরা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা দুই মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাঁকে আসামিপক্ষে জেরার দিন ধার্য করা হয়েছে।

আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ দিন ধার্য করেন। গত ২৪ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। তিনি রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে মামলার বিচারকাজ চলছে।

এ বিষয়ে এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, মামলা দুটিতেই অধিকতর তদন্তে তারেক রহমানসহ আরও ৩০ জনের নাম বেরিয়ে আসে, তাঁদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন আবদুল কাহার আকন্দ।

আদালত সূত্র জানা যায়, এর আগে মামলার ৫১১ জন সাক্ষীর মধ্যে ২২৪ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।

২০১২ সালের ১৮ মার্চ হত্যা মামলায় ৫২ জনের বিরুদ্ধে এবং বিস্ফোরক মামলায় ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আসামিদের মধ্যে পুলিশের সাবেক ছয় কর্মকর্তা, খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান জামিনে আছেন। বাবর, পিন্টুসহ ২৫ জন আসামি কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন ১৮ জন। জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাঁকে এ মামলার আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী।