দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে অনিয়ম করে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী ঘোষণার অভিযোগ আনা হয়েছে।গতকাল মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কাহারোল উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী মুনিরাম রায় এ অভিযোগ করেন। মুনিরাম রায় বলেন, ৮ জুনের ইউপি নির্বাচনে তিনি ‘আনারস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। জাপার (এরশাদ) থানা সভাপতি মো. আতাউর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন গরুরগাড়ি প্রতীক নিয়ে। নির্বাচনে আতাউর রহমান পান পাঁচ হাজার ৫৯৮ ভোট এবং তিনি পান পাঁচ হাজার ৫৭২ ভোট। মাত্র ২৬ ভোটে হেরেছেন মুনিরাম।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মনোরঞ্জন শীল গোপাল ভোটের দিন নয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ঘণ্টা অবস্থান করে ভোটারদের প্রভাবিত করেছেন। বিকেল চারটার পর বাইরের লোকজন ঢুকিয়ে বেআইনিভাবে আতাউর রহমানের পক্ষে ভোট দিতে সহায়তা করেছেন। ইউনিয়নের আটটি ওয়ার্ডের ভোট গণনা ও ফলাফল রাত আটটার মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে ঘোষণা করা হয়। কিন্তু নয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রাত ১০টা পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়নি। রাত ১১টার দিকে উপজেলা সদরে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট বাক্স নিয়ে ভোট গণনা করা হয়। সেখানে বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া তাঁর ১৫৪টি ভোট বাতিল করা হয়। সাংসদ মনোরঞ্জন শীল গোপাল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।