কাহারোলে ডাকাতের হামলায় দুই পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলার সরঞ্জা গ্রামে গত শুক্রবার রাতে ডাকাতের হামলায় এক উপপরিদর্শকসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। একই রাতে বীরগঞ্জ উপজেলায় এক সাংবাদিকের বাড়িতে ডাকাতি হয়েছে। কাহারোল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে টহল শেষে উপপরিদর্শক (এসআই) শফিকুজ্জামান ও কনস্টেবল সন্তোষ রায় মোটরসাইকেলে করে থানায় ফিরছিলেন। সরঞ্জা গ্রামে পৌঁছানোর পর ১০ থেকে ১২ জন ডাকাত তাঁদের ওপর আকস্মিক হামলা চালায়। ডাকাতেরা তাঁদের পিটিয়ে জখম করে। তাঁদের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বীরগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের বাসিন্দা ও দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক উত্তরার বীরগঞ্জ প্রতিনিধি মোস্তফা কামালের বাড়িতে ডাকাতি হয়েছে। ১০-১২ জন ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে বাড়ির লোকজনের হাত-পা বেঁধে নগদ ছয় হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে।