কাহারোলে বাজারে আগুন ৩২ দোকান পুড়ে ছাই
দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ বাজারে গত বৃহস্পতিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ৩২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, রাতে কাহারোলের জয়নন্দ বাজার মন্দিরসংলগ্ন হরিসভায় কীর্তন চলছিল। প্রার্থনায় অংশগ্রহণকারীরা রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে বোঁচাগঞ্জ উপজেলা এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি অগ্নিনির্বাপক দল এসে স্থানীয় জনগনের সহায়তায় চেষ্টা চালিয়ে সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারে বিভিন্ন ধরনের ৩২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বোঁচাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহফুজ তানভীর জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই অনেক ক্ষতি হয়ে গেছে। আগুনে জয়নন্দ বাজারের বেশির ভাগ কাপড় ও রেডিমেট গার্মেন্টস, মুদি দোকান, জুতা, বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস সামগ্রীর দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে তিনি জানান।
ক্ষতিগ্রস্ত দেবাশীষ বস্ত্রালয়ের মালিক অমৃত রায় জানান, রাত চারটার দিকে মুঠোফোনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে এসে দেখেন সব শেষ। তিনি দাবি করেন, তাঁর দোকানের ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
এ ব্যাপারে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।