কাহারোলের সেবাশ্রমে হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলার শ্রীনিগমানন্দ সারস্বত সেবাশ্রমে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগে মামলা হয়েছে।
সেবাশ্রমের পরিচালক নন্দদুলাল চক্রবর্তী বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে কাহারোল থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়েছে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুজ্জামানকে ওই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ওসি মোসাব্বেরুল হক সেবাশ্রমের নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দিনাজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী বলেন, ২০১২ সালে চিরিরবন্দর উপজেলার বলাই বাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের তিনটি গ্রামে হামলা চালিয়ে লুটপাট করা হয় এবং অর্ধশতাধিক ঘর পুড়িয়ে দেওয়া হয়। গত বছর খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে এবং চিরিরবন্দর উপজেলার ভুসিরবন্দর ও কড়াবাড়ী বাজারে হিন্দু সম্প্রদায়ের ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আমন ধানের গাদা পুড়িয়ে দেওয়া হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন সদর উপজেলার কর্ণাই বাজার ও সংখ্যালঘু অধ্যুষিত ছয়টি গ্রামের ১৫৩টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় মামলা হলেও প্রকৃত আসামিরা ধরা পড়েনি। এ কারণে গত বৃহস্পতিবার দুর্বৃত্তরা কাহারোল উপজেলায় নিগমানন্দ সেবাশ্রমে হামলা চালানোর সাহস পেয়েছে।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ফয়সাল ও ওসি মোসাব্বেরুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ বলা যাবে না।
গত বৃহস্পতিবার ভোররাতে একদল দুর্বৃত্ত শ্রীনিগমানন্দ সেবাশ্রমের মন্দিরের ভেতরে নিগমানন্দ পরমহংসদেবের ছবি ও পূজার উপকরণ, ধর্মীয় বই তছনছ করে। এ ছাড়া তারা সেবাশ্রমের ভেতরের একটি হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে একটি ল্যাপটপ, ব্যাটারিসহ একটি আইপিএস ও দুই ছাত্রের মুঠোফোনের সেট নিয়ে যায়।
সংশোধনী: এ নিয়ে গতকাল শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে ভুলবশত সাতজন আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে এ ঘটনায় কেউ আহত হয়নি।