কাহালু ও দুপচাঁচিয়ায় ঘূর্ণিঝড় ফসলহানি, বাড়িঘরের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু উপজেলায় গত শনিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখীতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে পড়েছে। ছিঁড়ে গেছে তার। ছবিটি গতকাল সকালে উপজেলার পাঁচপীর মাজার রেলস্টেশন এলাকা থেকে তোলা l প্রথম আলো
বগুড়ার কাহালু উপজেলায় গত শনিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখীতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে পড়েছে। ছিঁড়ে গেছে তার। ছবিটি গতকাল সকালে উপজেলার পাঁচপীর মাজার রেলস্টেশন এলাকা থেকে তোলা l প্রথম আলো

বগুড়ার কাহালু ও দুপচাঁচিয়া উপজেলায় গত শনিবার রাতে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে কয়েকটি গ্রামে ফসলহানি, গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে তার ছিঁড়ে যাওয়াসহ বাড়িঘর, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের কক্ষের টিনের চাল উড়ে গেছে।
রাত পৌনে নয়টার দিকে ১৫ মিনিট ধরে ওই ঝড় হয়। এরপর থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত ওই দুই উপজেলায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ ছিল। ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রশাসন এখনো নিরূপণ করতে পারেনি।
গতকাল সরেজমিনে দেখা যায়, দুপচাঁচিয়ার তালোড়া, গোবিন্দপুর, চামরুল ও জিয়ানগর ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় পাকা ইরি-বোরো ধান মাটিতে নুয়ে পড়েছে। তালোড়া-দুপচাঁচিয়া রাস্তার লালুকা সেতুর কাছে রাস্তার ওপর গাছ উপড়ে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কাহালুর বীরকেদার বারোমাইল নামের স্থানে মেসার্স খাজা চালকল ও ফেন্সি রাইস মিল নামের দুটি চাতালের টিনের ছাপড়াসহ আজাদ কাগজ কারখানার বড় অংশের টিনের ছাউনি উড়ে গেছে।
দুপচাঁচিয়া সদরের তিষীগাড়ির কৃষক নান্টু মিয়া বলেন, খেতের অর্ধেক ধান কেটেছেন কৃষক। আর এক সপ্তাহ সময় পেলে এলাকার সব খেতের ধান কাটা শেষ হয়ে যেত। হঠাৎ ঘূর্ণিঝড় আর শিলাবৃষ্টিতে ধানের গাছ মাটিতে শুয়ে পড়েছে। শিলাবৃষ্টির কারণে ধান নষ্ট হয়েছে।

দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ পারভেজ বলেন, ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ফসল ও বাড়িঘরের ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এলাকাবাসী জানান, কাহালু সদর ও দুর্গাপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের ফসল নষ্ট হয়েছে। পাঁচপীর মাজার বালিকা উচ্চবিদ্যালয়ের সীমানাপ্রাচীর উল্টে গেছে, শ্রেণিকক্ষের টিনের চাল উড়ে গেছে। একই এলাকার আড়োবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি কক্ষের টিন দিয়ে ঘেরা বেড়া ও টিনের চাল উড়ে গেছে। আল্লামা তাকিয়া উচ্চবিদ্যালয়ের তিন কক্ষবিশিষ্ট মাটির ঘরের টিনের চাল উড়ে গেছে। শিলাবৃষ্টিতে মাটির ঘরটির দেয়ালের কিছু অংশ পড়ে গেছে।

আড়োবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর আলী বলেন, ‘শ্রেণিকক্ষের চাল উড়ে যাওয়ায় ক্লাস করাতে পারিনি।’

দুপচাঁচিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘ঝড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। গাছ পড়ে কয়েকটি জায়গায় তার ছিঁড়ে গেছে। রাত থেকেই যেখানে ত্রুটি দেখা দিচ্ছে, সেখানেই মেরামত করা হচ্ছে। লোকবল কম থাকায় বগুড়া শহরের অফিস থেকে শ্রমিক নিয়ে এসে কাজ করছি।’

কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন বলেন, ঝড়ে কয়েকটি বিদ্যালয়ে কমবেশি ক্ষতি হয়েছে।

কাহালুর ইউএনও তাছলিমা খাতুন বলেন, ‘ঝড়ে বিভিন্ন স্কুল ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। সকালে শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে ছবি তোলাসহ ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে বলেছি। কী পরিমাণ ক্ষতি হয়েছে, এখনো হিসাব পাইনি।’