কাহালু ও দুর্গাপুরে দুই ব্যক্তি খুন
বগুড়ার কাহালু উপজেলায় ফুলমিয়া (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রানা ইসলাম (২৫) নামের একজন নিহত হয়েছেন। কাহালু থানা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে অসুস্থ মাকে দেখার জন্য ঢাকা থেকে উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামের নিজ বাড়িতে পৌঁছান ফুলমিয়া। বাড়ির পাশে একটি মাঠের মধ্যে মায়ের সঙ্গে কথা বলার সময় কয়েকজন লোক ফুলমিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে চলে যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। গতকাল সকালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ফুলমিয়া এলাকার চিহ্নিত ডাকাত ছিলেন। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ পাঁচটি মামলা বিচারাধীন। তবে খুনের কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।দুর্গাপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সিংগা গ্রামের বাসিন্দা আবদুস সামাদ ফাঁকির সঙ্গে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুস সামাদের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিরোধপূর্ণ ওই জমিটি ইজারা নেন একই এলাকার এনামুল হক, মাসুদ রানা, বাবু ইসলাম, আমজেদ হোসেন ও মতিউর রহমান। বৃহস্পতিবার বিকেলে এনামুল হক তাঁর লোকজন নিয়ে জমির দখল নিতে যান। এ সময় আবদুস সামাদ ফাঁকির নাতি রানা ইসলাম তাতে বাধা দিলে এনামুল ও তাঁর লোকজন তাঁকে লাঠিসোঁঠা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে তাঁকে উদ্ধার করতে গেলে রানার মামা মুকুল হোসেনসহ কয়েকজন প্রতিবেশীকেও তাঁরা মারধর করেন। আহত রানাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরদিন শুক্রবার রানার মৃত্যু হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।