কাহালুতে আইনশৃঙ্খলা সভায় তোপের মুখে সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালুতে আইনশৃঙ্খলা কমিটির সভায় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন কবিরাজের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাদের তোপের মুখে পড়েন জাসদদলীয় স্থানীয় সাংসদ এ টি এম রেজাউল করিম তানসেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আরাফাত রহমানের সভাপতিত্বে সভায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাংসদ রেজাউল করিমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও জামায়াত-সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র হেলাল উদ্দিন। সাংসদ প্রতিবাদ করলে সভায় হট্টগোল বাধে। মেয়রসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা সভা থেকে বেরিয়ে যান। এ সময় উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সাংসদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসহ বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে সাংসদ সভা থেকে বের হলে নেতা-কর্মীরা তাঁকে ঘেরাও করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সাংসদ উপজেলা পরিষদ ত্যাগ করেন। কাহালুর উন্নয়নমূলক কাজে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করা না হলে উপজেলা পরিষদের কোনো সভায় সাংসদকে ঢুকতে দেওয়া হবে না বলে বিক্ষোভকারীরা জানান।
আওয়ামী লীগ সভাপতি ও মেয়র হেলাল উদ্দিন মুঠোফোনে বলেন, ‘মহাজোট সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই জাসদের সাংসদ এলাকায় কোনো কাজ করেননি। তিনি টাকার বিনিময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি নিয়োগ দিয়েছেন। এমনকি জামায়াতের নেতাকে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি বানাতে ডিও লেটার (সাংসদের সুপারিশপত্র) দিয়েছেন। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কোনো সমন্বয় না করে টাকার বিনিময়ে টিআর ও কাবিখার প্রকল্প বরাদ্দ দেন। উপজেলায় টিআর-কাবিখার কোনো কাজই হয়নি। তিনি আরও বলেন, ‘কাহালু পরিষদের কোনো সভায় সাংসদ উপস্থিত থাকলে আমরা তা বয়কট করব।’
সভার সভাপতি ও কাহালু উপজেলার ইউএনও আরাফাত রহমান মুঠোফোনে আইনশৃঙ্খলা সভায় হট্টগোলের কথা স্বীকার করে বলেন, আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা সাংসদ। তাঁর উপস্থিতিতে যথারীতি সভা শুরু হলে সদস্যরা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিলেন। কিন্তু মেয়র সাংসদের অনিয়মের কথা দিয়েই বক্তব্য শুরু করেন। তিনি আরও বলেন, ‘আমি কয়েকবার তাঁকে শান্ত করার চেষ্টা করি। কিন্তু তিনি উত্তেজিত হয়ে সভা থেকে বেরিয়ে গেলে বাইরে থাকা নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাংসদ মহোদয় নিরাপদে পরিষদ ত্যাগ করেন।’
সাংসদ এ টি এম রেজাউল করিম তানসেনের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি মুঠোফোনটি ধরেননি।