কাহালুতে আড়াই মাসে আট খুন, উদ্বিগ্ন মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলায় গত আড়াই মাসে আটটি খুনের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৯ জুন নিখোঁজের কয়েক দিনের মাথায় আনোয়ারা বেগম (৫০) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সখ্যের কারণে একের পর এক খুনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।কাহালু থানা সূত্র জানিয়েছে, ২৪ মার্চ থেকে গত ৯ জুন পর্যন্ত আড়াই মাসে শুধু পুলিশের রেকর্ডেই আটজন খুন হয়েছে। এর বাইরে আরও দুটি খুনের ঘটনা ঘটেছে। তবে থানার নথিতে এ দুটি হত্যা মামলা হিসেবে রেকর্ড না হওয়ায় পুলিশ এর দায় নিচ্ছে না।স্থানীয় সূত্রে জানা যায়, সবচেয়ে আলোচিত খুনের ঘটনা ঘটে গত ১০ এপ্রিল। উলুট্র মধ্যপাড়ার ব্যবসায়ী সাহজাহান আলীর শিশুসন্তান নাঈমুল ইসলামকে দিনদুপুরে অপহরণের পর হত্যা করে ইটভাটায় পুড়িয়ে ফেলে সন্ত্রাসীরা। কাহালু পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নাঈমুল হত্যার পর এলাকাবাসী প্রতিবাদে ফেটে পড়ে।পুলিশ দাবি করছে, শুধু মুক্তিপণ আদায়ের জন্যই নাঈমুলকে অপহরণ করা হয়। কিন্তু নাইমুল অপহরণকারীদের চিনে ফেলায় তাকে হত্যা করে লাশ গুম করতে ইটভাটায় পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হয়েছে এবং দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কাহালু থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।২৪ মার্চ উপজেলার কাজিপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একজন সঙ্গীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে খুন হন বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলী সরদার ও তাঁর সঙ্গী মুনসুর রহমান। এ ঘটনায় এ পর্যন্ত সাতজন গ্রেপ্তার হয়েছে।৫ মে দাড়াই উত্তরপাড়া গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন মাহফুজুর রহমান (৬০)। ১৫ মে বরঙ্গাশনি গ্রামে প্রতিপক্ষের হাতে খুন হন আবদুল মান্নান নামে এক ব্যক্তি। ৩০ মে কাজিপাড়া গ্রামের ইউনুস আলী নামে এক বৃদ্ধকে জবাই করে হত্যা করে দৃর্বৃত্তরা। ৮ জুন উপজেলার শিকড় গ্রামে প্রতিপক্ষের হাতে খুন হন ফুল মিয়া (৩২)।কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ প্রথম আলোকে বলেন, পুলিশের রেকর্ডের বাইরেও খুনের ঘটনা ঘটেছে। কিন্তু হত্যা মামলা রুজু না হওয়ায় তা হয়তো থানার রেকর্ডে নেই। তিনি বলেন, কাহালুর আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে তিনি লজ্জিত। এলাকার মানুষকে মুখ দেখাতে পারেন না। শিশুরাও এখন এখানে নিরাপদ নয়। নাঈমুল হত্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতার কারণে অনেকেই সন্তান নিয়ে স্থায়ীভাবে শহরে পাড়ি জমাচ্ছেন।মেয়র অভিযোগ করেন, সদ্য বদলি হওয়া ওসি মোজাম্মেলন হোসেন ও এসআই আনোয়ার হোসেনের সঙ্গে সন্ত্রাসীদের আঁতাত রয়েছে। টাকা কামানোর জন্যই পুলিশের ওই দুর্নীতিবাজ কর্মকর্তা পরিকল্পিতভাবে এসব খুনের ঘটনা ঘটাচ্ছেন। তবে এসআই আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, এসব অভিযোগ করা ঠিক নয়। অভিযোগের ব্যাপারে জেলা পুলিশের কর্মকর্তারা তদন্তও করছেন। সাবেক ওসি মোজাম্মেল হোসেনের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। সদ্য নিয়োগ পাওয়া ওসি তোফাজ্জল হোসেন বলেন, খুনের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশও উদ্বিগ্ন। খুন-খারাবি বন্ধে সর্বাত্মক চেষ্টা চলছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান তায়েব আলী বলেন, পুলিশের ব্যর্থতার কারণেই একের পর এক হত্যার ঘটনা ঘটছে। বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, কাহালুতে একের পর এক খুনের ঘটনায় পুলিশও বিব্রত। ব্যর্থতার কারণে ইতিমধ্যেই ওই থানার ওসিকে বদলি করা হয়েছে।