কাহালুতে কারখানার বিষাক্ত গ্যাসে পুড়ছে ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলার বীরকেদারে এবি সিরামিক (টাইলস) কারখানার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় খেতের ফসল নষ্ট হচ্ছে। এ গ্যাসে মানুষ শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে এলাকাবাসী কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
বীরকেদার এলাকায় আজাদ পাল্প ও পেপার মিল অবস্থিত। এটির কয়েক গজ দূরে এবি সিরামিক কারখানা। এ দুটি কারখানা একই মালিকের বলে জানা গেছে। ২৫ আগস্ট সরেজমিনে দেখা যায়, সিরামিক কারখানার আশপাশের খেতের ফসল হলুদ হয়ে গেছে। সরু হয়ে গেছে ধানের গাছগুলো।
কারখানার পাশের বীরকেদার পূর্বপাড়া গ্রামের কৃষক নাজিম শেখ, আবদুল লতিফ, জিয়াউর রহমানসহ কয়েকজন জানান, তাঁরা মাস দেড়েক আগে আমন ধানের চারা লাগিয়েছেন। খেতে ঠিকমতো সার দেওয়ার পরও দিন দিন ধানগাছ হলুদ হয়ে মরে যাচ্ছে। ওই কারখানার বিষাক্ত গ্যাসের কারণে এমনটা হচ্ছে। তাঁরা ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য জহুরুল হকের মাধ্যমে ১৫ দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে এ বিষয়ে জানিয়েছেন। কিন্তু কোনো ফল মেলেনি।
একই গ্রামের মনোয়ারা বেগম ও সাহিদা বেগম জানান, টাইলস কারখানা চালুর পর থেকে গ্রামে বসবাস করা যাচ্ছে না। কারখানার কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে যায়। প্রতিদিন বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই পড়ে। কাপড়-চোপড়ের ওপর কালো ধরনের ময়লা পড়ে। এক দিনের বেশি কাপড় ব্যবহার করা যায় না। বিষাক্ত গ্যাসের জন্য গাছে কোনো ফলও হচ্ছে না।
পূর্বপাড়া গ্রামের বৃদ্ধ মজির উদ্দিন, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফার ভাষ্যমতে, কারখানার বিষাক্ত গ্যাসে মাঝেমধ্যে নাক বন্ধ হয়ে যায়। ওই গ্যাসের কারণে তাঁদের গ্রামের বেশ কয়েকজন বৃদ্ধ শ্বাসকষ্টে ভুগছেন। অভিযোগ করার পর এখন কারাখানা কর্তৃপক্ষ গভীর রাতে গ্যাস ছাড়ে। রাতে গ্যাস ছাড়ার সঙ্গে সঙ্গে লোকজনের ঘুম ভেঙে যায়। এরপর সারা রাতে আর ঘুম হয় না।
আজাদ পাল্প ও পেপার মিল এবং এবি সিরামিক কারখানার ব্যবস্থাপক মোশতাক আহেম্মদ জানান, কৃষকদের কাছে অভিযোগ পেয়ে বিষয়টি মালিকপক্ষকে জানানো হয়েছে। ধান পাকার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে এবং কৃষকদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। আর কোনো কৃষক জমি বিক্রি করলে ন্যায্য দাম দিয়ে ক্রয় করবে কারখানা কর্তৃপক্ষ।
উপজেলা কৃষি কর্মকর্তা ঝরনা বেগম বলেন, ‘আমাদের অনুমতি না নিয়ে ফসলি জমি নষ্ট করে ওই এলাকায় ইচ্ছামতো কারখানা করা হচ্ছে। আমরা বাধা দিয়ে বন্ধ করতে পারিনি। কারখানা মালিকদের হাত অনেক লম্বা। এর পরও ওই এলাকার কৃষকেরা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’
কাহালুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা দুপচাঁচিয়ার ইউএনও সাইফুর রহমান খান বলেন, কারখানার গ্যাসের ধোঁয়ায় খেতের ফসল নষ্ট হচ্ছে—এ রকম অভিযোগ কেউ করেননি। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। তবে ইউপি সদস্য জহুরুল জানান, এ ব্যাপারে ইউএনও কার্যালয়কে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক আলী রেজা মজিদ জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। শিগগিরই ওই এলাকায় কর্মকর্তা পাঠানো হবে। এ ধরনের ক্ষতি হলে কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।