কাহালুতে কৃষকের ঘর ও খামার পুড়ে ছাই
বগুড়ার কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দারা গ্রামে গত বুধবার দিবাগত রাতে আগুনে এক কৃষকের মুরগির একটি খামার ও কয়েকটি ঘর পুড়ে গেছে। এতে এক হাজার মুরগি মারা যায় এবং পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ওই কৃষক দাবি করেছেন। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার খাড়িয়া নিশিন্দারা গ্রামে কৃষক লোকমান হোসেনের বাড়িতে বুধবার গভীর রাতে আগুন লাগে। এতে তাঁর বাড়ির এক পাশে থাকা মুরগির খামার ও পাঁচটি টিনের ঘর পুড়ে যায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় তিন-চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময়ের মধ্যে পাঁচটি ঘরের আসবাব, ফ্রিজ, কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে যায়।কৃষক লোকমান হোসেন বলেন, ‘রাত তখন প্রায় ১২টা। আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ মুরগির ডাক শুনে আমাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠে দেখি গোটা বাড়িতে আগুন জ্বলছে। আমি আমার স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে কোনো রকমে বাড়ি থেকে বের হয়ে জীবনটা রক্ষা করেছি।’ইউএনও নাসিম আহমেদ বলেন, ‘খবর পেয়েই চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রাণিসম্পদ বিভাগকে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য নির্দেশ দিয়েছি।’ কাহালু থানার ওসি জহুরুল হক বলেন, ‘আগুন লাগার ঘটনা শুনেছি। এখন পর্যন্ত ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে এ পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।’