কাহালুতে চাতালে ভোটকেন্দ্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু পৌরসভায় গতকাল বুধবার দুটি অস্থায়ী কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে ৭ নম্বর ওয়ার্ডে একটি চাতালের গুদামে ও ৯ নম্বর ওয়ার্ডে কবরস্থানের কাছে টিনের ছাউনি বানিয়ে ভোট নেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোসাম্মৎ তাছলিমা খাতুন বলেন, ‘ওই দুটি ওয়ার্ডে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান না থাকায় ৭ নম্বর ওয়ার্ডে নিরপেক্ষ একজন ব্যবসায়ীর কাছ থেকে চাতালের গুদাম নিয়ে তাতে বুথ বানিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়। আর ৯ নম্বর ওয়ার্ড একটি গ্রাম। সেখানে ঢোকার সরু রাস্তা ছাড়া কোনো জায়গা নেই। তাই পরিত্যক্ত একটি মক্তবের ছোট্ট ঘরে ভোট গ্রহণের মালামালসহ প্রিসাইডিং কর্মকর্তার বসার জায়গা করা হয়েছে। এর পাশে সামান্য জায়গায় কাপড় দিয়ে ঘিরে টিনের ছাউনি দিয়ে বুথ করে ভোট নেওয়া হয়।
৭ নম্বর ওয়ার্ডের জয়সারা গ্রামের ভোটার রানী বেগম বলেন, এখানে নারী-পুরুষকে পাশাপাশি দাঁড়িয়ে ভোট দিতে হয়েছে। এতে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। একই কথা বলেন দলগাঁও গ্রামের আছিয়া বিবি, স্বপ্না বিবি।
৯ নম্বর ওয়ার্ডের উলট্ট গ্রামের শেফালী বেগম বলেন, ‘ভোট দেওয়ার জন্যি কবরস্থানে আসা লাগল। জায়গা না থাকায় লাইনে দাঁড়ানো যাচ্ছে না। আপনারা এই কেন্দ্রের জন্যি এনা লেখালেখি করেন। আগামীতে যেন এ অবস্থায় ভোট দেওয়া না লাগে।’ প্রিসাইডিং কর্মকর্তা মির্জা জাকির হোসেন বলেন, ‘ভোটের মালামাল নিয়ে ছোট্ট এ ঘরে রাত জেগে থাকতে হয়েছে। পাশের কবরস্থানে সারা রাত শিয়ালের ডাকে গা শিউরে ওঠে।’