কাহালুতে ধান সংগ্রহে জালিয়াতি তদন্তে আরেকটি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলায় সরকারি খাদ্যগুদামে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহে জালিয়াতির অভিযোগ তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিন সদস্যের কমিটি গঠন করেছেন। গত সোমবার গঠিত ওই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত ২৪ জুলাই প্রথম আলোর প্রথম পাতায় ‘ধান সংগ্রহে জালিয়াতি’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। এরপর গত রোববার বগুড়া জেলা খাদ্য কর্মকর্তার পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কাহালুর ইউএনও সরকারি গুদামে ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি। সে হিসেবে তাঁর পক্ষ থেকে গত সোমবার তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা ঝরনা বেগমকে। অন্য দুই সদস্য হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানাউল ইসলাম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী।
কাহালুর ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গণমাধ্যমে সংবাদটি দেখে অনিয়মের বিষয়টি তদন্ত করতে কমিটি করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তদন্তে অনিয়ম পেলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বগুড়া জেলা খাদ্য কর্মকর্তার পক্ষ থেকে করা তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। গতকাল মঙ্গলবার ছিল ওই প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন। তবে গতকাল সন্ধ্যা পৌনে ছয়টায় জেলা খাদ্য কর্মকর্তা জামাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি তখন পর্যন্ত ওই প্রতিবেদন হাতে পাননি।