কাহালুতে ধান সংগ্রহে জালিয়াতি তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলায় সরকারি গুদামে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহে জালিয়াতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার গঠিত ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত ২৪ জুলাই প্রথম আলোর প্রথম পাতায় ‘ধান সংগ্রহে জালিয়াতি’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। বগুড়া জেলা খাদ্য কর্মকর্তার পক্ষ থেকে গঠিত এই তদন্ত কমিটির প্রধান হলেন সহকারী খাদ্য নিয়ন্ত্রক অমরেন্দ্র নাথ সরকার। কমিটির অন্য দুই সদস্য হলেন জেলা কারিগরি খাদ্য পরিদর্শক আতিকুর রহমান এবং বগুড়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক। কাহালু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল হান্নান বলেন, তিনি এখনো এ-সংক্রান্ত কোনো চিঠি পাননি।
বগুড়া জেলা খাদ্য কর্মকর্তা জামাল হোসেন অবশ্য বলেন, ‘কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তরের নির্দেশে নয়; গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যক্তিগত উদ্যোগেই তদন্ত কমিটি করেছি। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা পর্যায়ে ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। তবে কাহালুর ইউএনওর পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জানতে চাইলে কাহালুর ইউএনওর দায়িত্বে থাকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ইউএনও তাছলিমা খাতুন প্রশিক্ষণে গেছেন। রোববার থেকে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করছি। তবে উপজেলায় ধান সংগ্রহে জালিয়াতির কোনো তথ্য আমার জানা নেই।’