কাহালুতে বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফরমার বিকল হওয়ার কারণে বগুড়ার কাহালু উপজেলা সদরের আশপাশের ১০টি মহল্লা ও গ্রামে আট দিন ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুতের দাবিতে এসব এলাকার লোকজন গতকাল সোমবার কাহালু-বগুড়া রাস্তা ঘণ্টাব্যাপী অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এলাকাবাসী জানান, ১১ জুলাই থেকে কাহালু পৌর এলাকার উলট্ট পূর্বপাড়া, সিদলাই, সারাই বাজার, সাঘাটা মহল্লা ও সদর ইউনিয়নের দলগাড়া, কচুয়া, লোকনাথপাড়া, প্রতাপপুর, সিংড়াপাড়া, আড়োবাড়ি গ্রাম বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ বিষয়ে এলাকার লোকজন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুপচাঁচিয়া কার্যালয়ে অভিযোগ করেন। এরপরও কাজ না হওয়ায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উলট্ট মহল্লার কাছে কয়েক শ নারী-পুরুষ কাহালু-বগুড়া রাস্তায় নেমে আসেন। এ সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে এক দিনের মধ্যে বিদ্যুতের ব্যবস্থা করা হবে—এমন আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
পিডিবির দুপচাঁচিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, বগুড়া বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় ওই ট্রান্সফরমারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ নেই। নতুন ট্রান্সফরমার লাগানো হয়েছে। পরীক্ষামূলকভাবে তা চালুও করা হয়েছে। শিগগিরই বিদ্যুৎ দেওয়া হবে।