কাহালুতে বৃদ্ধকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালুর কাজিপাড়ায় গত মঙ্গলবার গভীর রাতে এক বৃদ্ধকে জবাই করে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত ইউনুস আলী (৭০) উপজেলার কাজিপাড়া গ্রামের বাসিন্দা ও বীরকেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কারারুদ্ধ ওয়াহেদ আলীর বাবা।পারিবারিক সূত্রে জানা যায়, এক ছেলে হত্যা মামলার আসামি হওয়ায় জেলহাজতে ও অন্য ছেলে শ্বশুরবাড়িতে থাকায় ইউনুস দুই ছেলে বউ ও নাতি-নাতনিদের নিয়ে ঘটনার দিন কাজিপাড়ার বাড়িতে ছিলেন। ঘটনার রাতে প্রচণ্ড গরমের কারণে ওই বৃদ্ধ তাঁর শোয়ার ঘরের দরজা খুলে ঘুমাচ্ছিলেন। রাতের কোনো একসময় তাঁর নাতনি তানভি (২০) প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে দেখেন কয়েকজন লোক তাঁর দাদার ঘরে ঢুকছে। তিনি চিৎকার দিলে বাড়ির অন্য মেয়েরা জেগে উঠলে দুর্বৃত্তরা বাড়ির সবাইকে আটক করে এক ঘরে তুলে জিম্মি করে রাখে। পরে দুর্বৃত্তরা ওই বৃদ্ধকে তাঁর ঘরের মধ্যে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। পরদিন ভোরে প্রতিবেশীরা আটককৃতদের উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গত ২১ মার্চ রাতে কাজিপাড়া বাসস্ট্যান্ডের অদূরে বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য খোরশেদ আলী সরদার ও তাঁর সহযোগী দুর্বৃত্তদের হাতে খুন হন। এ মামলার আসামি হিসেবে নিহত বৃদ্ধের বড় ছেলে বর্তমান ইউপি সদস্য আবদুল ওয়াহেদ গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন। বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এখনো থানায় কোনো মামলা হয়নি। নিহতের প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করা হয়েছে।