বগুড়ার কাহালুতে গত রোববার মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ছাত্রী-শিক্ষকসহ ১৩ জন আহত হন। আদমদীঘির একটি শিক্ষাপ্রতিষ্ঠানের হ্যান্ডবল দলের খেলোয়াড়েরা একটি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ওই দিন শিক্ষকদের নিয়ে মাইক্রোবাসযোগে বগুড়া সদরে আসেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে গতকাল সোমবার ও লক্ষ্মীপুরে শনিবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:আদমদীঘি (বগুড়া): আদমদীঘি বালিকা উচ্চ-বিদ্যালয় ও কলেজ হ্যান্ডবল দল রোববার বিকেলে বগুড়া সেন্ট্রাল স্কুলে আন্তজেলা মহিলা হ্যান্ডবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য বগুড়ায় যায়। চ্যাম্পিয়ন হওয়ার পর ওই দলের খেলোয়াড়, বিদ্যালয়ের শিক্ষক ও কয়েকজন যাত্রী সন্ধ্যায় একই মাইক্রোবাসে আদমদীঘিতে ফিরছিলেন। কাহালুর মুরইলের সাদিয়া জুট মিল এলাকায় পৌঁছার পর ওই মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক আদমদীঘি উপজেলার এম হাসান, ওই কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য আনছার আলী (৫২), তালসন গ্রামের বুলু মিয়া (৫০) নিহত হন এবং ১৬ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে শিক্ষক আজিজুল হককে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া শিক্ষক গোলাম মোস্তফা (৫২), পারভীন আক্তার (৩৮), জসিম উদ্দীন (৪৭) এবং হ্যান্ডবল দলের খেলোয়াড় ছাত্রী সেতু (১৫), স্মৃতি (১৫) ও ইসরাতকে (১৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং লাকীকে (১৬) আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদরের সব দোকান এবং উপজেলা শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সোমবার বেলা ১১টায় নিহত ব্যক্তিদের জানাজা আদমদীঘি আইপিজে স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতীতে গতকাল সোমবার ট্রাকের ধাক্কায় মো. ফারুক হোসেন (৪০) নামে অপর এক ট্রাকের চালক নিহত হন। তাঁর বাড়ি ফরিদপুরের গোয়া-লচামট এলাকায়।লক্ষ্মীপুর: ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর মহাসড়কের সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় শনিবার একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আটোরিকশার যাত্রী বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার শ্যামরা গ্রামের দুলাল মাঝি (৪০) নিহত হন।পরীক্ষা দেওয়া হলো না আরাফাতেরগৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের গৌরনদী উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় আরাফাত হোসেন (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। দ্বিতীয় শ্রেণীর ছাত্র আরাফাতের গতকাল দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু বিদ্যালয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তার প্রাণ কেড়ে নেয়।নিহত স্কুলছাত্র আরাফাত গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের ভ্যানচালক আমির হোসেনের ছেলে। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থলে এ দুর্ঘটনা ঘটে।