কাহালুতে যাত্রার নামে ফের অশ্লীল নাচ, জুয়া
বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার বারমাইল নামক জায়গায় আবারও যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া শুরু হয়েছে। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত অশ্লীল নৃত্য ও জুয়ার পাশাপাশি মাইকে উচ্চ শব্দে গানও বাজানো হয়। এ কারণে আশপাশের কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা রাতে পড়াশোনা করতে পারছে না।
স্থানীয় লোকজন বলেন, চার মাস আগেও ওই এলাকায় যাত্রার নামে অশ্লীল নৃত্য, জুয়া ও লটারির আসর বসেছিল। এক মাস চালানোর পর কাহালু উপজেলার কালাই ঘোনপাড়ায় যাত্রা চালানো হয়। সেখানে বন্ধ করে আবার ১১ মার্চ বীরকেদার বারমাইলে যাত্রা ও জুয়ার আসর শুরু করা হয়। এ যাত্রার আয়োজন করেন এলাকার শ্রমিক নেতা আনিছুর রহমান মিস্ত্রি। তিনি দুপচাঁচিয়া উপজেলা মিনিট্রাক শ্রমিক সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক। প্রতিদিন যাত্রার আগে শুরু হয় জুয়ার আসর। বিভিন্ন ধরনের জুয়ার মধ্যে রয়েছে বউ খেলা, ঘূর্ণি খেলা, ডাবু খেলা, কাটাকাটি খেলা, ওয়ান টেন ও হাউজি। এসব খেলায় বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। এর মধ্যে শ্রমিকদের সংখ্যাই বেশি। রাত ১১টার পর থেকে শুরু হয় যাত্রা। গভীর রাতে চলে অশ্লীল নৃত্য। সারা রাত মাইকে চলে গানবাজনা।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, মাইকের শব্দে রাতে ঘুম হয় না। সন্ধ্যায় জুয়া খেলা আর রাতে যাত্রা দেখে লোকজন সর্বস্ব হারাচ্ছে। সেই সঙ্গে অশ্লীল যাত্রায় গোটা এলাকার পরিবেশ নষ্ট হয়ে পড়ছে।
এইচএসসি পরীক্ষার্থী জয় প্রাং, আলামিন হোসেন বলে, ‘সামনেই পরীক্ষা শুরু হবে। অথচ যাত্রার মাইকের শব্দে রাতে পড়াশোনা করা যায় না। আয়োজকদের সঙ্গে কথা বলার পরও আমাদের কথায় তাঁরা কর্ণপাত করেননি। প্রশাসনের কাছে মুঠোফোনে অভিযোগ করার পর তাঁরাও কোনো ব্যবস্থা নেয়নি।’
যাত্রার আয়োজক আনিছুর রহমান বলেন, ‘হাইকোর্টের আদেশ নিয়ে যাত্রা-হাউজি চালাচ্ছি। উপজেলা প্রশাসনকে আদালতের আদেশের কাগজ দিয়েছি।’ জুয়ার বিষয়ে তিনি বলেন, ইনডোর গেম খেলা হয়, কোনো জুয়া খেলা হয় না।
কাহালুর ইউএনও তাছলিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকায় যাত্রা চালানোর বিষয়ে আমাকে কেউ জানায়নি। আমাদের অনুমতি ছাড়াই যাত্রা চলছে। তার পরও ওসি সাহেবকে দিয়ে যাত্রা ও জুয়া বন্ধের ব্যবস্থা করছি।’