কাহালুতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালুতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে সেলিম হোসেন (২৫) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম এ এম জাহিরুল হায়াত এ আদেশ দেন। সেলিম উপজেলার সাঘাটিয়া মহল্লার বাসিন্দা।
কাহালু থানার এসআই তোজাম্মেল হোসেন বলেন, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রী অটো ভ্যানযোগে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে সেলিম তাকে উত্ত্যক্ত করতেন। মেয়েটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলে প্রধান শিক্ষক বিষয়টি থানায় জানান। অভিযোগ পেয়ে পুলিশ সকালে সাঘাটিয়া থেকে সেলিমকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে হাকিম এক বছরের কারাদণ্ড দেন। পরে সেলিমকে বগুড়া কারাগারে পাঠানো হয়।