কাহালুর এক ইউপিতে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মমতাজ উদ্দিনের বিরুদ্ধে হতদরিদ্র ব্যক্তিদের জন্য সরকারের দেওয়া ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অবস্থাসম্পন্ন ব্যক্তিদের নামে এ চালের কার্ড বরাদ্দ দিয়ে মমতাজ মূলত নিজে বরাদ্দের অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গত বৃহস্পতিবার জানা যায়, ফকিরপাড়া গ্রামে ইটের দোতলা বাড়ি ছালমা বেগমের। ছয় মাস আগে ছালমা বেগম (৪২) বিদেশে গেছেন। স্বামী মনজুর আলী মাদকাসক্ত। সংসার থেকে বিচ্ছিন্ন। বাড়িতে থাকে এ দম্পতির ছেলে মাদ্রাসায় পড়ুয়া আবু সাঈদ (১৯)। এই ছালমা বেগমের নামে ১০ টাকা কেজি দরের চালের কার্ড দিয়েছেন মমতাজ উদ্দিন। কার্ড নম্বর ৯। সংশ্লিষ্ট ডিলার এ কার্ডে দুবার চালও দিয়েছেন বলে জানা যায়। কিন্তু ছালমা বেগমের পরিবার চাল পায়নি বলে অভিযোগ রয়েছে।
ছালমা বেগমের ছেলে আবু সাঈদ বলেন, তাঁদের পরিবারকে চাল দেওয়া হবে বলে মায়ের জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়ে যায় গ্রামের একটি ছেলে। তালিকায় তাঁর মায়ের নামে কার্ড হয়েছে দেখা গেলেও তাঁরা কার্ড পাননি। বিষয়টি আবু সাঈদ মমতাজ উদ্দিনকে জানান। কিন্তু তিনিও (সদস্য) কোনো ব্যবস্থা না নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।
একই অভিযোগ ওই গ্রামের ৫ নম্বর কার্ডধারী শহিদুল ইসলামসহ একই ওয়ার্ডের আড়োবাড়ি গ্রামের আরও চারজনের। আড়োবাড়ি গ্রামের সিরাজুল ইসলাম বলেন, তাঁর নামেও সরকারের ১০ টাকা কেজির চাল বিতরণের কার্ড করা হয়েছে। তালিকায় তাঁর নাম আছে ১২ নম্বরে। এ পর্যন্ত দুবার চাল বিতরণ করা হলেও তিনি একবারও কোনো বরাদ্দ পাননি। একই অভিযোগ করেন এ গ্রামের নুরুন্নবী মণ্ডল (কার্ড নম্বর ১৪), রুহুল আমিন (কার্ড নম্বর ১১) ও আমেনা বিবি (কার্ড নম্বর ৫২)। তাঁরা আরও অভিযোগ করেন, এ গ্রামের সাইফুল ইসলামের মাটির দোতলা বাড়ি ও সাত-আট বিঘা জমি আছে। বাড়ির সঙ্গে লাগানো মুদি দোকান রয়েছে। নিজের মোটরসাইকেলও আছে। তাঁর নামে কার্ড দিয়েছেন ইউপি সদস্য।
তালিকায় নাম থাকার পরও বরাদ্দ না পেয়ে বঞ্চিত ব্যক্তিরা ১০ অক্টোবর ইউএনওর কাছে অভিযোগ করেন। ইউএনও তিন সদস্যের তদন্ত কমিটি করেন। পরে ওই ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
মমতাজ উদ্দিন মুঠোফোনে বলেন, ‘গ্রামের গরিবদের নামে কার্ড করে দিয়েছি। কার্ডগুলো প্রতিনিধির মাধ্যমে বিলি করেছি। নিজের লোকজনই আমার ক্ষতির জন্য কিছু কার্ড অবস্থাসম্পন্ন ব্যক্তিদের জন্য করেছে। আবার কাউকে কাউকে বরাদ্দ দেয়নি। তবে কার্ডগুলো এখনো উদ্ধার করতে পারিনি।’
দুর্গাপুর ইউপির চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান বলেন, ‘ইউপি সদস্যরা এসব তালিকা করেছেন। তালিকা অনুযায়ী কার্ডগুলো হতদরিদ্রের মাঝে তাঁদেরই পৌঁছে দেওয়ার কথা। যখন আমার কানে অনিয়মের অভিযোগ এসেছে, সঙ্গে সঙ্গে ওই সদস্যকে তিন দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানো নোটিশ দিয়েছি।’
কাহালু উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবদুল হান্নান বলেন, উপজেলায় ৮ হাজার ৩৩৪ জন হতদরিদ্রকে কার্ড দেওয়া হয়েছে। এ জন্য ১৮ জন ডিলার নিয়োগ দেওয়া আছে। যদি কোনো ইউনিয়নে তালিকা তৈরিতে অনিয়ম হয়ে থাকে, তবে আবার সংযোজন-বিয়োজনের জন্য নিজ নিজ ইউপি চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির তদারক কমিটির সভাপতি ও ইউএনও আরাফাত রহমান মুঠোফোনে বলেন, অভিযোগ পেয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অনিয়ম পাওয়া গেলে নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।