কাহালুর চার গ্রামের মানুষের ক্ষোভ
দেড় বছর আগে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারকে পৌরসভা ঘোষণা করা হয়। সম্প্রতি সীমানা সম্প্রসারণের জন্য পার্শ্ববর্তী কাহালু উপজেলার চারটি গ্রামকে ওই পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় ওই চার গ্রামের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।এলাকাবাসীর অভিযোগ, কোনো প্রকার যৌক্তিকতা ছাড়াই সরকারের একজন আমলার তদবিরে দেড় বছর আগে তালোড়া বাজারকে পৌরসভা ঘোষণা করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ওই সময় থেকেই করের বোঝা চাপায় ওই বাজার এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সম্প্রতি সীমানা সম্প্রসারণের জন্য কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধানপূজা, পগুইল, পিঁপড়া ও খাড়িয়া নিশিন্দারা গ্রামকে ওই পৌরসভায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে।এর প্রতিবাদে গত রোববার ওই চারটি গ্রামের কয়েক শ নারী-পুরুষ কাহালু উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মাসুদ হাসান বলেন, ‘বাপ-দাদা চৌদ্দ পুরুষ থেকে এই চার গ্রামের মানুষ কাহালু উপজেলার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে আসছে। এসব গ্রামের ৯৬ শতাংশ মানুষ কৃষিজীবী। তাদের কর দেওয়ার ক্ষমতা নেই।’কাহালুর ইউএনও নাছিম আহম্মেদ জানান, সম্প্রতি উপজেলার তিনটি মৌজার চার গ্রামকে তালোড়া পৌরসভায় অন্তর্ভুক্তি করে গেজেট প্রকাশ করা হয়েছে। বর্তমানে এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আপত্তির শুনানি চলছে। এলাকার উন্নয়নের স্বার্থে সরকার যেকোনো এলাকাকে অন্য এলাকার সঙ্গে সংযুক্ত করে সীমানা নির্ধারণ করতে পারে বলে মন্তব্য করেন তিনি।