২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা মামলার পলাতক আসামি বিএনপির সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদকে দেশে ফেরত পাঠানোর প্রস্তাব বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এতে তাঁকে ফেরত আনার ব্যাপারে জটিলতা দেখা দিয়েছে।
প্রস্তাবটি বাতিল হওয়ার বিষয়টি জানিয়ে ইন্টারপোলের আবুধাবি শাখা (এনসিবি) থেকে বাংলাদেশ সরকারকে চিঠি পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব জানা গেছে। সূত্র বলেছে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রেড নোটিশ থাকা কায়কোবাদকে ইউএই থেকে ফিরিয়ে আনতে গত ফেব্রুয়ারিতে বহিঃসমর্পণ প্রস্তাব পাঠানো হয়। এনসিবি আবুধাবি তাদের চিঠিতে বলেছে, ‘বহিঃসমর্পণ প্রস্তাবটি ওই দেশের সরকার বাতিল করেছে।’ কারণ হিসেবে জানানো হয়েছে,
প্রস্তাবটি নির্দিষ্ট সময়ে পাঠানো হয়নি। এ ছাড়া প্রস্তাবটিতে বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষের কোনো স্বাক্ষর বা স্ট্যাম্প নেই।
সূত্র বলেছে, মন্ত্রণালয় গত ২৬ এপ্রিল পুলিশ সদর দপ্তরকে ‘লিমিটেশন পিরিয়ড’ আইনসম্মতভাবে বাড়ানোর ব্যবস্থা নিতে বলেছে। এ ব্যাপারে ইউএইর বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পলাতক কায়কোবাদকে ফেরত দেওয়ার প্রস্তাব বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘তাঁকে ফিরিয়ে আনতে আমরা আবারও যথাযথ মাধ্যমে চেষ্টা করব।’
মন্ত্রণালয়ের সূত্রগুলো বলেছে, কায়কোবাদের বহিঃসমর্পণ প্রস্তাব যথাসময়ে আবুধাবিতে পৌঁছানো হয়নি। কায়কোবাদকে ‘ওয়ারেন্ট তালিকাভুক্ত’ রাখতে এবং পুনরায় গ্রেপ্তার করতে বহিঃসমর্পণ নথি পাঠাতে আবুধাবির ইন্টারপোলের শাখা থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে। একইভাবে নির্দিষ্ট সময়ে ও অসম্পূর্ণ প্রস্তাব দেওয়ায় ভারত থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে ফেরত আনার বিষয়টি বিলম্বিত হচ্ছে।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সাংসদ কায়কোবাদকে ২০১১ সালের ৩ জুলাই দেওয়া এ মামলার সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয়। দুর্ঘটনায় আহত হয়ে ওই সময় তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। পরে আর দেশে ফেরেননি।
এই মামলার পলাতক আরেক আসামি মাওলানা তাজউদ্দিনকেও দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মাওলানা তাজউদ্দিন ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ২০০৮ সালে দেওয়া প্রথম অভিযোগপত্রভুক্ত আসামি। বর্তমানে তিনি ‘পাকিস্তানের পাসপোর্ট’ নিয়ে দক্ষিণ আফ্রিকায় আছেন। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। বাংলাদেশ সরকারকে বিষয়টি জানিয়ে তাজউদ্দিনের প্রকৃত তথ্য যাচাই করতে তাঁর পাসপোর্ট-সংক্রান্ত তথ্য চেয়েছে ইন্টারপোল। এ বিষয়েও মন্ত্রণালয়ের ধীরগতি রয়েছে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি ইন্টারপোলের দক্ষিণ আফ্রিকার শাখা কার্যালয় বাংলাদেশের পুলিশকে জানিয়েছিল, বাদল নামে ভুয়া পাসপোর্টে দক্ষিণ আফ্রিকায় গেছেন তাজউদ্দিন।
তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। এতে আইভী রহমানসহ আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ শতাধিক ব্যক্তি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের নেতা-কর্মীদের বিষয়ে অনেক তথ্য রয়েছে তাজউদ্দিনের কাছে। তাঁকে দেশে ফেরত আনার বিষয়ে কয়েকটি চিঠি চালাচালিও হয়েছে। ১৫ ফেব্রুয়ারির পর সর্বশেষ ৪ এপ্রিল ইন্টারপোল থেকে ই-মেইল পাঠানো হয়। ২৫ এপ্রিল চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি-বি) নেতা তাজউদ্দিন বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ছোট ভাই। পিন্টুও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি, বর্তমানে কারাগারে আছেন।
পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিপত্র থেকে জানা যায়, ২০১৪ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার পুলিশ নিশ্চিত করে, মাওলানা তাজউদ্দিনকে গ্রেপ্তার করা না হলেও নজরদারিতে রাখা হয়েছে। একই সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়ায় তাঁকে বহিঃসমর্পণের প্রস্তাব পাঠাতে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।