কায়কোবাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
অগ্নিদগ্ধ উদ্ধারকর্মী এজাজ উদ্দিন চৌধুরী কায়কোবাদের দ্বিতীয় নামাজে জানাজা গতকাল মঙ্গলবার বাদ জোহর ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঢাকার বনানী কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন করা হয়।গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের পর উদ্ধার কার্যক্রমে অংশ নেন এই স্বেচ্ছাসেবী। পরবর্তী সময় ২৮ এপ্রিল রাত সোয়া ১০টার দিকে ধ্বংসস্তূপে চাপা পড়া শাহিনা নামে একজন গার্মেন্টস কর্মীকে উদ্ধারের চেষ্টা করেন কায়কোবাদ। ধ্বংসস্তূপের গভীরে প্রবেশ করার পর সেখানে অগ্নিকাণ্ডের শিকার হয়ে অগ্নিদগ্ধ হন তিনি। প্রথমে সাভার সিএমএইচ থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ৪ মে ওই হাসপাতালে মারা যান তিনি।গতকাল মরহুমের জানাজায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এবং মরহুমের পরিবারের সদস্যসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার বলা হয়, বনানী কবরস্থানে দাফনের পর গার্ড কর্তৃক ভলি ফায়ার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতির পক্ষে মরহুমের কবরে রাষ্ট্রপতির সামরিক সচিব এবং প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব পুষ্পস্তবক অর্পণ করেন। গার্ড কর্তৃক তাঁকে মরণোত্তর সালাম প্রদান করা হয়।মৃত্যুকালে মরহুম এজাজ উদ্দিন চৌধুরীর বয়স হয়েছিল প্রায় ৩৫ বছর। তিনি স্ত্রী, একটি কন্যা ও একটি পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।