সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী মো. নায়েব আলী। জবানবন্দিতে তিনি মুক্তিযুদ্ধকালে কায়সারের নেতৃত্বে তাঁর বাহিনীর নানা অপরাধের বিবরণ দেন৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ নায়েব আলীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন৷ নায়েব আলী (৬০) জবানবন্দিতে বলেন, একাত্তরে তিনি দশম শ্রেণিতে পড়তেন এবং ৩ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন৷ মুক্তিযুদ্ধের বিরোধিতা করে হবিগঞ্জে সৈয়দ মো. কায়সার নিজের নামে ‘কায়সার বাহিনী’ গঠন করেছিলেন৷ একাত্তরের ২৭ এপ্রিল বিকেলে কায়সার তাঁর বাহিনী এবং পাকিস্তানি সেনাদের নিয়ে মাধবপুর বাজার ও কাটিয়ারা গ্রামে আক্রমণ চালান৷ তখন তিনি (সাক্ষী) মাধবপুর বাজারের মোদকপট্টিতে ছিলেন৷ কায়সার তাঁর বাহিনী ও পাকিস্তানি সেনাদের নিয়ে ওই বাজারের কামিনী বাবু, শচীন্দ্র রায়, হিরেন্দ্র লাল রায় ও বিনোদ মোদকের দোকান ও ঘর লুট করে জ্বালিয়ে দেন৷
নায়েব আলী বলেন, ওই দিন কায়সার বাহিনী ও পাকিস্তানি সেনারা মোহাম্মদ আলী পাঠানের বাড়ি আক্রমণ করে। ওই সময় মোহাম্মদ আলী পাঠানের বাবা ওহিদ হোসেন পাঠান এবং সেখানে থাকা চেরাগ আলী ও মধু সুইপারকে নিয়ে আত্মরক্ষার জন্য পালানোর চেষ্টা করেন। কায়সার ও তাঁর বাহিনী তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে কায়সার তাঁর বাহিনী ও পাকিস্তানি সেনাদের গুলি করার নির্দেশ দিলে ওহিদ পাঠানসহ তিনজন গুলিতে মারা যান। ওই দৃশ্য তিনি ঘটনাস্থল থেকে আনুমানিক ২৫০ গজ দূরে দপ্তরিবাড়ি থেকে দেখেছেন।
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, কায়সারের নেতৃত্বে তাঁর বাহিনী ও পাকিস্তানি সেনারা একাত্তরের ২৮ এপ্রিল কৃষ্ণনগর গ্রাম ও মাধবপুর বাজারের উত্তর-পূর্ব অংশে আক্রমণ করে দোকানপাট, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। একাত্তরের ১৬ ডিসেম্বরের আগ পর্যন্ত কায়সারের নেতৃত্বে তাঁর বাহিনী ও পাকিস্তানি সেনারা হবিগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর, নাসিরনগর ও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক হত্যাযজ্ঞ, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
জবানবন্দি শেষে নায়েব আলীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়৷