কাপ্তাইয়ের সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাঈদ কায়সার রায়হানের হত্যার বিচারের দাবিতে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার নগরে কফিন মিছিল ও মানববন্ধন করেছেন। কাপ্তাইয়ে ২৩ জানুয়ারি ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় দ্বিতীয় বর্ষের ছাত্র কায়সার গুলিতে নিহত হন।গতকাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নগরের মোমিন রোডের ইসলামাবাদ মেমোরিয়াল মিলনায়তন থেকে কফিন মিছিল বের করেন। এ সময় তাঁরা কায়সার হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের সামনে এসে তাঁরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী মো. ইমরুল শাহেদ, মো. আরিফ, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. কামরুল, মো. ফয়সাল, তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. জাকির ও মো. হাসান প্রমুখ।শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, অবিলম্বে ক্লাস শুরু, সংশ্লিষ্ট ইউএনও এবং সহকারী পুলিশ সুপারকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মামলা তুলে নেওয়ার দাবি জানান।