কায়সারের অপরাধের বিবরণ দিলেন তাঁর বাহিনীর সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সরকারের কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী মো. তাজুল ইসলাম। তিনি মুক্তিযুদ্ধকালে কায়সারের গঠন করা কায়সার বাহিনীর সদস্য ছিলেন জানিয়ে জবানবন্দিতে কায়সার ও তাঁর বাহিনীর নানা অপরাধের বিবরণ দেন। বিভিন্ন অপরাধের সঙ্গে তিনি নিজের সংশ্লিষ্টতার কথা জানিয়ে সে জন্য ক্ষমা চান।
বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাজুল ইসলামের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। জবানবন্দির একপর্যায়ে সাক্ষী বলেন, ‘অভিযুক্ত কায়সারের কুপরামর্শে আমি কায়সার বাহিনীতে যোগ দিয়েছিলাম। সে জন্য আমি অনুতপ্ত এবং দেশের ক্ষতিগ্রস্ত মানুষ ও সরকারের কাছে ক্ষমা চাই। আমি অনুতপ্ত হয়ে সত্য কথাগুলো বলার জন্যই এখানে এসেছি।’ জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
দীর্ঘ জবানবন্দিতে তাজুল ইসলাম (৮৩) বলেন, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার হরিপুর গ্রামে। একাত্তরের ১৪ এপ্রিল স্থানীয় কনভেনশন মুসলিম লীগের নেতা মৌলভি মঞ্জুর আলীর বাড়িতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে সভা হয়। ওই সভায় মঞ্জুর আলীর ভাগনে অভিযুক্ত কায়সার এবং তিনি (সাক্ষী) উপস্থিত ছিলেন। ওই সভায় কায়সারকে শান্তি কমিটির প্রধান উপদেষ্টা নিয়োগ করা হয়। তিনি ছিলেন শান্তি কমিটির সদস্য। সভার একপর্যায়ে কায়সার প্রস্তাব করেন, তাঁর নামে একটি বাহিনী গঠন করা হবে। পরে কায়সার নোয়াপাড়ায় (হবিগঞ্জ) তাঁর বাড়িতে চলে যান এবং আশপাশের লোকদের নিয়ে সভা করেন। ওই সভায়ও তিনি ছিলেন। ১৫ এপ্রিল ইটাখোলা, বেজুরা, খাটুরা, বেলঘর প্রভৃতি গ্রামের ৫০০-৬০০ জনকে নিয়ে ‘কায়সার বাহিনী’ গঠন করা হয়।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ১৬ এপ্রিল নোয়াপাড়া বাজারে গিয়ে কায়সার তাঁর বাহিনীর সদস্যদের জন্য পোশাকের মাপ দেন। তিনিও (সাক্ষী) পোশাকের মাপ দেন। সদস্যদের জন্য খয়েরি এবং চারজন কমান্ডারের জন্য খাকি রঙের শার্ট-প্যান্টের মাপ দেওয়া হয়। চার দিন পর পোশাক সরবরাহ করা হয়। সঙ্গে ছিল বেল্ট, ‘কায়সার বাহিনী’ লেখা কাঁধের ব্যাজ এবং মাথায় পেঁচানোর জন্য লালসালু। জুতা-মোজা কিনতে সবাইকে ৫০ টাকা করে দেওয়া হয়। বাহিনীর সব সদস্যের নাম সাদা কাগজে লিখে স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়। তাঁর নাম (সাক্ষী) ছিল ৫ নম্বরে।
তাজুল ইসলাম বলেন, একাত্তরের ২৭ এপ্রিল কায়সার ১৫-১৬ জনকে নিয়ে শাহবাজপুর থেকে পাকিস্তানি সেনাদের অভ্যর্থনা জানিয়ে মাধবপুর নিয়ে আসেন। পাকিস্তানি সেনারা তেলিয়াপাড়া, শাহজীবাজার, জগদীশপুর, আঞ্জুরা, নোয়াপাড়া সৈয়দ সইদুদ্দিন প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। পরদিন কায়সার তাঁকে নিয়ে সইদুদ্দিন প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পের পাকিস্তানি সেনাদের কমান্ডার ক্যাপ্টেন জিলানির সঙ্গে দেখা করেন এবং অস্ত্র দিতে বলেন। কায়সার বাহিনীর চার কমান্ডারকে গুলিসহ চারটি স্টেনগান দেয় পাকিস্তানি সেনারা। তিনি ও কায়সার বাহিনীর অন্য সদস্যরা গুলিসহ রাইফেল ও গুলি রাখার জন্য কাপড়ের থলে পান। কায়সারকে দেওয়া হয় একটি পিস্তল, একটি ওয়্যারলেস ও গুলি রাখার থলে।
তাজুল আরও বলেন, একাত্তরের ২৩ জুন সকালে কায়সার ও তাঁর বাহিনীর প্রায় ১০০ সদস্যের সঙ্গে তিনি হরিপুরের আওয়ামী লীগ নেতা গোলাম নূরের বাড়িতে যান। কায়সারের নির্দেশে ওই বাড়িতে আগুন দেওয়া হয়। কায়সারের নির্দেশে তাঁরা গোলাম নূরের ভাই গোলাম রউফকে পিঠমোড়া করে বেঁধে ফেলেন। রউফকে ধরে নিয়ে যাওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, একাত্তরের ১৫ নভেম্বর সকাল আটটার দিকে করগাঁও, বুরুঙ্গা, চিটনা, আলগপুর, লক্ষ্মীপুর, তিলপাড়াসহ ২১-২২টি গ্রাম ঘেরাও করে পাকিস্তানি সেনা, রাজাকার বাহিনী, কায়সার ও তাঁর বাহিনীর সদস্যরা এলোপাতাড়ি গুলি করে। বেশ কয়েকটি গ্রামে আগুন দেওয়া হয়। তিনি এ সময় কায়সার বাহিনীর সঙ্গে ছিলেন। বেলা তিনটা পর্যন্ত ধ্বংসযজ্ঞ চলে। পরদিন তিনি লোকমুখে শোনেন, ওই হামলায় ১০৮ জন নিহত হয়েছেন। এর ১৫-২০ দিন পর তিনি আকাশে বিমান উড়তে দেখেন, আর কায়সার লন্ডন চলে গেছেন বলে জানতে পারেন। তাঁরা (কায়সার বাহিনীর সদস্যরা) অস্ত্র, পোশাক কায়সারের বাড়িতে ফেলে যাঁর যাঁর মতো চলে যান।
জবানবন্দি শেষে তাজুল ইসলামকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। আজ সোমবার তিনি আবার তাজুলকে জেরা করবেন।
এদিকে কায়সারের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য মেডিকেল বোর্ড গঠন করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল কায়সারের জামিন আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদেশে বলা হয়, অনুলিপি হাতে পাওয়ার ১০ দিনের মধ্যে ওই মেডিকেল বোর্ডকে কায়সারের শারীরিক অবস্থা নিয়ে প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে হবে।