কায়সারের ইশারায় বাবাসহ সাতজনকে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী মো. নওশাদ আলী (৫৪)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে কায়সারের ইশারায় পাকিস্তানি সেনারা তাঁর বাবাসহ সাতজনকে গুলি করে হত্যা করে লাশ খোয়াই নদীতে ভাসিয়ে দেয়।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ নওশাদ আলীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
জবানবন্দিতে নওশাদ আলী বলেন, তাঁদের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার দক্ষিণ ল্যাঞ্জাপাড়ায়। তিনি শায়েস্তাগঞ্জ খাদ্যগুদামের দারোয়ান। একাত্তরে তাঁর বাবা শহীদ মাজত আলীও ওই গুদামের দারোয়ান ছিলেন এবং সেখানেই থাকতেন। তিনি ও তাঁর বড় ভাই মোস্তফা আলী (রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী) বাবার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে গুদামে যেতেন। একাত্তরের কোনো এক দুপুরে ভাইয়ের সঙ্গে তিনি বাবাকে খাবার দিতে গিয়ে দেখেন, অনেক লোক গুদাম থেকে মালামাল ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর একটি জিপগাড়ি এসে গুদামের সামনে থামে। জিপ থেকে তিন-চারজন লোক নেমে গুদামের চারপাশ ভালো করে দেখে চলে যান। ভাই তাঁকে পরে জানান, ওই তিন-চারজনের মধ্যে একজন ছিলেন কায়সার। এর কিছুক্ষণ পর পাকিস্তানি সেনারাসহ অনেক লোক ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে গুদামের দিকে আসে। এ সময় চারপাশের লোকজন পালাতে থাকে। কায়সার ও অন্যরা গুদামে চাকরি করা তাঁর বাবাসহ সাতজনকে টেনে বাইরে এনে গালাগাল করেন ও হুমকি দেন। পরে কিছু পাঞ্জাবি সেখানে পাহারায় রেখে তাঁরা চলে যান।
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, ওই ঘটনার কিছুদিন পর তিনি বড় ভাইয়ের সঙ্গে আবার খাদ্যগুদামে গিয়ে দেখেন, পাকিস্তানি সেনারা তাঁর বাবাসহ অন্যদের গুদাম থেকে বের করে একটি ভবনে নিয়ে আটক করে। পরে তাঁরা জানেন, সেটি ডাকবাংলা। সেদিন জোহরের নামাজের কিছুক্ষণ পর দেখেন, তাঁর বাবাসহ ওই সাতজনকে হাঁটিয়ে খোয়াই নদীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি ও তাঁর ভাই তাঁদের অনুসরণ করে নদীর পাড়ে একটি আখক্ষেতে গিয়ে লুকিয়ে থেকে দেখেন, তাঁদের বাবাসহ সাতজনকে নদীর পাড়ে দাঁড় করানো হয়। এ সময় কায়সার ইশারা করলে পাকিস্তানি সেনারা ওই সাতজনকে গুলি করে হত্যা করে লাশ খোয়াই নদীতে ভাসিয়ে দেয়। আজও তাঁর বাবার লাশ পাননি। এ পর্যায়ে সাক্ষী আবেগাপ্লুত হয়ে পড়েন।
নওশাদ জবানবন্দির শেষ পর্যায়ে ট্রাইব্যুনালে হাজির থাকা কায়সারকে শনাক্ত করেন। পরে রাষ্ট্রপক্ষের এই সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান। পরে ১১ মে পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করা হয়।