কায়সারের ইশারায় সেনারা সাতজনকে হত্যা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচার
মানবতাবিরোধী অপরাধের বিচার

সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী গৌর প্রসাদ রায় (৬৯)৷ জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে কায়সারের ইশারার পর পাকিস্তানি সেনারা খোয়াই নদীর তীরে খাদ্যগুদামের সাতজনকে গুলি করে হত্যা করে৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গৌর প্রসাদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি রানা দাশগুপ্ত৷ শারীরিক কারণে জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন৷
জবানবন্দিতে গৌর প্রসাদ বলেন, তাঁর বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে৷ তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এবং সেক্টর কমান্ডারস ফোরাম হবিগঞ্জ শাখার সভাপতি৷ একাত্তরে কায়সার এলাকায় রাজাকার বাহিনী গঠনের দায়িত্ব পালন করেন৷ ওই সময় কায়সার কিছু অনুগামী রাজাকার সদস্যকে নিয়ে ‘কায়সার বাহিনী’ গঠন করেন৷ একাত্তরের ২৭ এপ্রিল বিকেলে কায়সার তাঁর বাহিনী ও সেনাদের নিয়ে মাধবপুর বাজারে আসেন এবং পরদিন পর্যন্ত সেখানে অনেক মানুষকে হত্যা, বাড়িঘর লুট করেন ও আগুন দেন৷
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ২৯ মে তিনি খোয়াই নদীর পাশে একটি আখখেতে লুকিয়ে দেখেন, নদীর ওপর সেতুতে কায়সার দাঁড়িয়ে আছেন৷ নিচে তীরে খাদ্যগুদামে কর্মরত সাতজনকে দাঁড় করা হয়েছে৷ এ সময় কায়সার হাতের ইশারায় সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনারা ওই সাতজনকে গুলি করে হত্যা করে৷ পরে কায়সারের সঙ্গে থাকা রাজাকাররা ওই লাশগুলো নদীর গভীরে ঠেলে দেয়৷ খাদ্যগুদামের নিহত ওই সাতজন আবদুল আজিজ, খালেক, রেজাউল করিম, গেদা মিয়া, আবদুর রহমান, মাজত আলী ও তারা মিয়াকে তিনি আগে থেকে চিনতেন৷
গৌর প্রসাদ আরও বলেন, ওই হত্যাকাণ্ড দেখার পর তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন৷ পরে ২ জুন তিনি হেঁটে কালেঙ্গা পাহাড় হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের গোবিন সিংহ আসারামবাড়ি পেঁৗছান৷ ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে যুদ্ধে অংশ নেন৷ দেশ স্বাধীন হওয়ার পর বাড়িতে ফিরেও তিনি কায়সারের নৃশংসতার কথা শোনেন৷ তিনি জানতে পারেন, কায়সার ওই সময় দেশ থেকে পালিয়ে লন্ডন চলে গেছেন৷
জবানবন্দির শেষ পর্যায়ে সাক্ষী ট্রাইব্যুনালে থাকা কায়সারকে শনাক্ত করেন৷ পরে এ মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল৷