সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী নায়েব আলী৷ জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে কায়সারের কথায় পাকিস্তানি সেনারা তাঁকে নির্যাতন করে৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ নায়েব আলীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি রানা দাশগুপ্ত৷ জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ইসলামপুরে৷ মুক্তিযুদ্ধকালে বৈশাখ মাসের মাঝামাঝি (সম্ভবত ১৩ বৈশাখ) দুপুরে তিনি বাড়ির পশ্চিম দিক থেকে গুলির শব্দ শোনেন৷ লোকজন পালাচ্ছিল আর চিৎকার করে বলছিল, শাহজাহান চেয়ারম্যান গুলিতে মারা গেছেন৷ তিনি রাস্তায় বেরিয়ে দেখেন, কায়সার ও তাঁর বাহিনীর লোকজন পাকিস্তানি সেনা ও শান্তি কমিটির সদস্যদের নিয়ে উত্তর দিকে যাচ্ছেন৷ তিনি কায়সারকে সালাম দেন৷ সালামের জবাব না দেওয়ায় তিনি আবার সালাম দেন৷ এ সময় কায়সার তাঁকে দেখিয়ে বলেন, তিনি (সাক্ষী) মুজিবের লোক৷ তখন এক পাকিস্তানি সেনা তাঁকে রাইফেলের বাঁট দিয়ে মেরে রাস্তার পাশে ফেলে দেয়৷ অন্য সেনারা বুট দিয়ে তাঁকে পাড়ায়৷ তিনি অচেতন হয়ে পড়েন৷
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, কায়সার ও তাঁর বাহিনী পরে কাজী কবির উদ্দিনের বাড়ি লুট করে আগুন ধরিয়ে দেয়৷ তারপর তাঁর বাড়িতে আগুন দেয়৷ কায়সারের নেতৃত্বে দলটি চলে গেলে লোকজন তঁাকে বাড়ি নিয়ে আসে৷ বাড়ি ফেরার পর তিনি মাধবপুর বাজারের দিকে ধোঁয়া দেখেন ও গুলির শব্দ শোনেন৷ সন্ধ্যায় প্রতিবেশী লাল মিয়া খান জানান, কায়সার, তাঁর বাহিনী ও পাকিস্তানি সেনারা মাধবপুর বাজারের পশ্চিম অংশের দুই-আড়াই শ ঘর পুড়িয়ে দিয়েছে৷ পরদিন সকালেও বাজারের দিকে ধোঁয়া দেখেন ও গুলির শব্দ পান৷ সন্ধ্যায় লাল মিয়া জানান, তাঁর ঘরসহ বাজারের অনেক ঘরে অগ্নিসংযোগ ও ১০-১২ জনকে হত্যা করা হয়েছে৷
জবানবন্দি শেষে আসামির কাঠগড়ায় হাজির থাকা কায়সারকে শনাক্ত করেন নায়েব আলী৷ তাঁকে আসামিপক্ষের জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়৷ কায়সার শারীরিক কারণে জামিনে রয়েছেন৷