কায়সারের জামিন বাতিল চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক কৃষিপ্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের জামিন বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল বুধবার এই আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। আবেদনে অভিযোগ করা হয়েছে, জামিনের শর্ত ভঙ্গ করে কায়সার ও তাঁর পরিবারের সদস্যরা রাষ্ট্রপক্ষের সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। পরে ট্রাইব্যুনাল শুনানির জন্য ২০ মার্চ দিন ধার্য করেন।
সৈয়দ মো. কায়সার (৭৩) গত বছরের আগস্ট থেকে জামিনে মুক্ত আছেন। তাঁকে শারীরিক কারণে শর্তসাপেক্ষে জামিন দেন ট্রাইব্যুনাল। জামিনের অন্যতম শর্ত ছিল, আসামি কোনোভাবে রাষ্ট্রপক্ষের সাক্ষী বা ভিকটিমের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবেন না।
৯ মার্চ কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা কাজী কবিরউদ্দিন জবানবন্দি দেওয়া শুরু করেন। ওই দিন রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালে অভিযোগ করেন, কায়সার ও তাঁর ছেলেরা অন্য লোকদের দিয়ে মুঠোফোনে কবিরউদ্দিনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। গত সোমবার এই বিষয়ে কবিরউদ্দিন মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান রাষ্ট্রপক্ষকে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ গতকাল জামিন বাতিলের আবেদন করে।
গতকাল ট্রাইব্যুনালে কবিরউদ্দিনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবীকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে নিষেধ করেন। আজ বৃহস্পতিবার তাঁকে আবার জেরা করবে আসামিপক্ষ।
কায়সারের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১৬ অভিযোগের বিচার চলছে।