
সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। কায়সারের বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে দুটির ওপর গতকাল রোববার যুক্তি উপস্থাপন শেষ করেছে আসামিপক্ষ।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল কায়সারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান। শারীরিক কারণে জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। আজ সোমবার আসামিপক্ষ আবার যুক্তি উপস্থাপন করবে।
গত বৃহস্পতিবার কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপনকালে একাত্তরে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা ও ধর্ষণের অভিযোগে কায়সারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানায়। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আসামিপক্ষ যুক্তি দেওয়া শুরু করে।
গত ২ ফেব্রুয়ারি ১৬টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধেবিচার শুরু হয়। ৯ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত রাষ্ট্রপক্ষে সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে ৩২ জন সাক্ষী সাক্ষ্য দেন। ২৩ জুলাই থেকে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করেছিল।