কায়সারের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। কায়সারের বিরুদ্ধে গঠন করা আরও চারটি অভিযোগের ওপর গতকাল সোমবার যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল কায়সারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন তাঁর আইনজীবী এস এম শাহজাহান। গতকাল তিনি ৩, ৪, ৫ ও ৬ নম্বর অভিযোগের ওপর যুক্তি দেন। গত রোববার তিনি প্রথম ও দ্বিতীয় অভিযোগের ওপর যুক্তি উপস্থাপন করেন। শারীরিক কারণে জামিনে থাকা কায়সার গতকাল ট্রাইব্যুনালে হাজির ছিলেন। আজ মঙ্গলবার আসামিপক্ষ আবার যুক্তি উপস্থাপন করবে।
গত বৃহস্পতিবার কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করে। যুক্তি উপস্থাপনকালে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা ও ধর্ষণের অভিযোগে কায়সারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানায় রাষ্ট্রপক্ষ। গত ২ ফেব্রুয়ারি ১৬টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে কায়সারের বিরুদ্ধে বিচার শুরু হয়। ৯ মার্চ থেকে ২৩ জুলাই রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ হয়।