কায়সারের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন চলছে। গতকাল বুধবার আরও তিনটি অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে আসামিপক্ষ। আজ বৃহস্পতিবারও আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল কায়সারের বিরুদ্ধে ৯, ১০ ও ১১ নম্বর অভিযোগের ওপর যুক্তি দেন তাঁর আইনজীবী এস এম শাহজাহান। শারীরিক কারণে জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। এ নিয়ে আসামিপক্ষ পঞ্চম দিনের মতো যুক্তি উপস্থাপন করল।
গত বৃহস্পতিবার কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ একাত্তরে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা ও ধর্ষণের অভিযোগে কায়সারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানায়।
গত ২ ফেব্রুয়ারি ১৬টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে কায়সারের বিরুদ্ধে বিচার শুরু হয়। ৯ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ চলে। রাষ্ট্রপক্ষে ৩২ জন সাক্ষ্য দেন। ২৩ জুলাই থেকে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করেছিল।