মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র : ৪ মার্চ থেকে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ
কায়সারের বিচার শুরু ১৬ অভিযোগ গঠন
সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর মাধ্যমে তাঁর বিরুদ্ধে বিচার শুরু হলো।
বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন। ৪ মার্চ থেকে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যার একটি, মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ১৩টি এবং ধর্ষণের দুটি অভিযোগ গঠন করা হয়েছে। শারীরিক কারণে জামিনে থাকা কায়সার (৭৩) গতকাল ট্রাইব্যুনালে হাজির ছিলেন। অভিযোগ গঠনের আদেশ পড়া শেষ হলে ট্রাইব্যুনাল তাঁর কাছে জানতে চান, তিনি দোষী, না নির্দোষ? জবাবে কায়সার নিজেকে নির্দোষ দাবি করেন। পরে ট্রাইব্যুনাল সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
অভিযোগ গঠনের আদেশ অনুসারে, কায়সার ১৯৬২ সালে কনভেনশন মুসলিম লীগে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, তিনি একাত্তরে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থানীয় মুক্তিযুদ্ধবিরোধীদের নিয়ে ‘কায়সার বাহিনী’ গঠন করেন এবং পাকিস্তানি সেনাদের সঙ্গে নৃশংসতায় অংশ নেন। ১৬ ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। ১৯৭৮ সালে দেশে ফেরার পর তিনি বিএনপিতে যোগ দেন। পরে তিনি স্বৈরশাসক এইচ এম এরশাদের আমলে জাতীয় পার্টিতে যোগ দেন এবং ১৯৮৬ ও ১৯৮৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে জয়ী হন। এরশাদের আমলে তিনি কৃষি প্রতিমন্ত্রী ছিলেন।
গত বছরের ২১ মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কায়সারকে গ্রেপ্তার করলে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠান। শারীরিক কারণে জামিনের আবেদন জানালে ৫ আগস্ট ট্রাইব্যুনাল কায়সারকে জামিন দেন। এর পর থেকে তিনি জামিনে আছেন।
২২ গ্রামের ১০৮ জন হিন্দুকে গণহত্যা: কায়সারের বিরুদ্ধে ১৬তম অভিযোগে বলা হয়েছে, একাত্তরের ১৫ নভেম্বর কায়সারের নেতৃত্বে কায়সার বাহিনী, শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর সদস্যরা এবং পাকিস্তানি সেনারা যৌথভাবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার দেউড়া, নিশ্চিন্তিপুরসহ ২২ গ্রামে হামলা চালায়। হিন্দুধর্মাবলম্বীদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে চালানো ওই হামলাকালে নির্বিচারে গুলি, বাড়িঘরে আগুন, লুটতরাজে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। সকাল সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত ওই হামলায় কায়সার ও তাঁর সহযোগীরা ১০৮ জন নিরস্ত্র হিন্দুকে হত্যা করেন। ওই ঘটনায় কায়সারের বিরুদ্ধে গণহত্যা অথবা মানবতাবিরোধী অপরাধ হিসেবে নিপীড়নে অংশগ্রহণ ও সহায়তার অভিযোগ গঠন করা হয়েছে।
হত্যার ১৩টি অভিযোগ: কায়সারের বিরুদ্ধে গঠন করা ১৩টি অভিযোগে মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যার অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ অনুসারে, একাত্তরের ২৭ এপ্রিল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ইসলামপুরে শাহজাহান চেয়ারম্যানকে কায়সারের নির্দেশে তাঁর বাহিনী ও পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করে। পরে কাজীবাড়ী গ্রামের ১৫টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুণ্ঠন চালানো হয়। দ্বিতীয় অভিযোগ অনুসারে, ২৭ এপ্রিল বিকেলে হবিগঞ্জের মাধবপুর বাজারের পশ্চিম পাশে এবং কাটিয়ারা গ্রামের ১৫০ দোকান ও ঘরবাড়িতে লুটপাট চালানো হয়। তৃতীয় অভিযোগে বলা হয়, ২৭ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে মাধবপুরের কৃষ্ণনগর গ্রামে চারজনকে হত্যা করে কায়সারের নেতৃত্বাধীন বাহিনী।
চতুর্থ ও পঞ্চম অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৮ এপ্রিল সকালে কায়সারসহ তাঁর বাহিনীর ১০-১৫ জন সদস্য এবং ৩০-৩৫ জন পাকিস্তানি সেনা মাধবপুর বাজারের উত্তর-পূর্ব অংশে নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা করে, ১৫০ থেকে ২০০ ঘরে আগুন দেয়। ২৯ এপ্রিল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ খাদ্যগুদামে কায়সার ও তাঁর লোকজন হামলা চালান। গুদামের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে এক মাস আটকে রাখা হয়। ২৯ মে আটকে রাখা সাতজনকে খোয়াই রেলসেতুর কাছে নিয়ে পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করে।
ষষ্ঠ অভিযোগ অনুসারে, ২৯ এপ্রিল বিকেল সাড়ে তিনটা-চারটার দিকে শায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকায় কায়সার পাকিস্তানি সেনাদের জিপ থামাতে বলেন। ওই সময় ডা. সালেহউদ্দিন ও হীরেন্দ্র চন্দ্র রায় সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নিতে যাচ্ছিলেন। পাকিস্তানি সেনারা তাঁদের ধরে গাছের সঙ্গে ঝুলিয়ে গুলি করে হত্যা করে। সপ্তম অভিযোগে বলা হয়, ৩০ এপ্রিল কায়সার বাহিনী ও পাকিস্তানি সেনারা হবিগঞ্জ শহরের ৪০-৪৫টি ঘর লুটের পর আগুন দেয়।
কায়সারের বিরুদ্ধে গঠন করা নবম, দশম ও ১১তম, ১৩, ১৪ ও ১৫তম অভিযোগেও মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যার অভিযোগ আনা হয়েছে।
ধর্ষণের দুই অভিযোগ: অষ্টম অভিযোগে বলা হয়েছে, একাত্তরের ১১ মে কায়সার একদল পাকিস্তানি সেনাকে নিয়ে হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকার চানপুর চা-বাগানে যান। চা-বাগানের হিন্দুধর্মাবলম্বী শ্রমিকদের নির্যাতনের একপর্যায়ে তিনি এক সাঁওতাল নারী শ্রমিকের ঘরে ঢুকে দেখিয়ে দিলে দুই-তিনজন পাকিস্তানি সেনা ওই নারীকে ধর্ষণ করে।
১২তম অভিযোগ অনুসারে, আগস্ট মাসের মাঝামাঝি এক বিকেলে কায়সারের নেতৃত্বে তাঁর বাহিনীর সদস্য ও কয়েকজন রাজাকার মাধবপুর থানার জগদীশপুর পাকিস্তানি সেনাক্যাম্পে এক নারী, তাঁর বাবা ও চাচাকে ধরে নিয়ে যায়। পরে ওই নারীকে পাকিস্তানি সেনাদের কাছে হস্তান্তর করা হলে তাঁকে ৮-১০ দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে ওই নারী ছাড়া পান, তবে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।