কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক এইচ এম এরশাদ সরকারের কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার এ দিন ধার্য করেন।
শারীরিক কারণে জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। গতকাল কায়সারকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী আবদুস সুবহান তরফদার। তিনি দাবি করেন, কায়সারের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, দালাল আইনে সেগুলোর বিচার হয়েছিল। তখন তিনি বেকসুর খালাস পেয়েছিলেন। একই অভিযোগে দুবার একই ব্যক্তির বিচার হতে পারে না।
আসামিপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য দিন ধার্য করেন। গত ১৭ ডিসেম্বর কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরজি জানিয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত।
রাষ্ট্রপক্ষ গত ১০ নভেম্বর কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ১৪ নভেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।