কায়সারের বিরুদ্ধে আইনগত বিষয়ে যুক্তি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ গতকাল বুধবার অভিযোগভিত্তিক যুক্তি উপস্থাপন শেষ করেছে। আইনগত বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল অভিযোগভিত্তিক যুক্তি উপস্থাপন শেষ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। তিনি দাবি করেন, কায়সারের বিরুদ্ধে আনা ১৬টি অভিযোগের সবগুলো রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। এ জন্য রাষ্ট্রপক্ষ তাঁর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চায়।
পরে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষ জানায়, আজ আইনগত বিষয়ে যুক্তি দেবেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ। এক-দেড় ঘণ্টার মধ্যে এই যুক্তি দেওয়া শেষ হবে। এরপর আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে।
গত ২ ফেব্রুয়ারি কায়সারের বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠন করে এই ট্রাইব্যুনাল বিচার শুরু করেন। ৯ মার্চ থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ২৩ জুলাই পর্যন্ত কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ৩২ জন সাক্ষ্য দেন। আসামিপক্ষে কোনো সাক্ষী না থাকায় ২৩ জুলাই থেকেই যুক্তি উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ। শারীরিক কারণে কায়সার জামিনে আছেন। তবে তিনি নিয়মিত মামলার কার্যক্রমে হাজির ছিলেন।
কায়সারের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হলে এই ট্রাইব্যুনালে আর একটি মামলা বিচারাধীন থাকবে। এটি হলো জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মামলা। এই মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে। আর জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষে রায়ের অপেক্ষায় আছে।