সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল মঙ্গলবার এই মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগমের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় রাষ্ট্রপক্ষ সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের দিন পুনর্নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনের মধ্যে একটি গতকাল শুনানি শেষে খারিজ করেন ট্রাইব্যুনাল। এই আবেদনে রাষ্ট্রপক্ষ সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদসহ পাঁচজন তদন্ত কর্মকর্তাকে যে জবানবন্দি দিয়েছিলেন, তা সাক্ষ্য হিসেবে গ্রহণের আরজি জানায়। অপর আবেদনে অতিরিক্ত কিছু নথি মামলায় প্রদর্শনী হিসেবে গ্রহণের আরজি জানানো হয়েছে। আজ এ আবেদনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।