কায়সারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২১ জুলাই দিতে হবে
সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন ২১ জুলাই (রোববার) দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষকে এ নির্দেশ দেন।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ মে কায়সারকে গ্রেপ্তারের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তিনি কারাগারে আটক আছেন। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, এরশাদ সরকারের আমলে সৈয়দ মো. কায়সার ১৯৮৬ ও ১৯৮৮ সালে সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হন। এ সময় প্রথমে তিনি হুইপ এবং পরে ১৯৮৯ সালে কৃষি প্রতিমন্ত্রী হন। ইউসুফের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি ২২ জুলাই: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানির জন্য ২২ জুলাই দিন পুনর্নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন। আসামিপক্ষের জুনিয়র আইনজীবী গাজী এম এইচ তামিম শুনানির জন্য ট্রাইব্যুনালে সময়ের আবেদন জানালে ট্রাইব্যুনাল দিন পুনর্নির্ধারণ করেন।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ জুলাই ট্রাইব্যুনাল-১ ইউসুফের বিরুদ্ধে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করেন। রাষ্ট্রপক্ষ গত ৮ মে ইউসুফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তাঁকে গ্রেপ্তারের আবেদন জানায়।