
সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের দুই নারী সাক্ষী। জবানবন্দিতে তাঁদের একজন তাঁর বাবার এবং অপরজন স্বামীর হত্যার সঙ্গে কায়সারের সম্পৃক্ততার অভিযোগ এনেছেন৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রথমে জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী আম্বিয়া খাতুন। পরে জবানবন্দি দেন ২৪তম সাক্ষী আনোয়ারা বেগম। তাঁরা হবিগঞ্জের চুনারুঘাট থানার মধ্যম নরপতি গ্রামের বাসিন্দা৷
আম্বিয়া খাতুন (৬৩) জবানবন্দিতে বলেন, মুক্তিযুদ্ধকালে ভাদ্র মাসের একদিন সকাল আটটা-নয়টার দিকে রাজাকার ফিরোজ মিয়া, ঈসাদ আলী, মুসলিম চেয়ারম্যান, হুরাই চৌকিদার, খালেক চৌকিদার তাঁদের বাড়ি ঘিরে ফেলেন। তাঁরা একপর্যায়ে বাড়িতে ঢুকে তাঁর বাবা আবদুস শহীদ, আসকর আলীসহ চারজনকে বের হওয়ার নির্দেশ দিয়ে বলেন, তাঁদের লিচু পোদ্দারের বাড়িতে কায়সারের সামনে যেতে হবে। এরপর তাঁর বাবাসহ চারজনকে ধরে লিচু পোদ্দারের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তিনি, তাঁর মা, দাদু, এক চাচা, আসকর আলীর স্ত্রী আনোয়ারা বেগমসহ কয়েকজন তাঁদের পিছু পিছু যান। তবে তাঁদের লিচু পোদ্দারের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। বাড়ির পেছনে দাঁড়িয়ে তাঁরা দেখেন, কায়সার আটক ব্যক্তিদের জিজ্ঞেস করছেন, তাঁরা ভারত থেকে যে অস্ত্র এনেছেন, সেগুলো কোথায় রেখেছেন? জবাবে আটক ব্যক্তিরা বলেন, তাঁরা ভারতে যাননি ও অস্ত্র আনেননি।
আম্বিয়া খাতুন বলেন, এ কথা শোনার পর কায়সারের নির্দেশে রাজাকাররা আটক ব্যক্তিদের ওপর নির্যাতন শুরু করে। পরে আটক ব্যক্তিদের হাত পেছনে বেঁধে কায়সার ও অন্য রাজাকাররা নিয়ে যান। পরদিন রাতে গ্রামের রাজাকার হামদু মিয়া তাঁদের বাড়িতে গিয়ে জানান, আটক ব্যক্তিদের নালোয়া চা-বাগানের বটগাছের নিচে নিয়ে হত্যা করা হয়েছে৷ হত্যাকাণ্ডের সময় সৈয়দ কায়সার, মুসলিম চেয়ারম্যান ও ফিরোজ গুলির নির্দেশ দিয়েছিলেন।
আম্বিয়া খাতুনের জবানবন্দির পর রাষ্ট্রপক্ষের সাক্ষী আনোয়ারা বেগম (৭০) তাঁর স্বামী আসকর আলীকে হত্যার জন্য কায়সারকে দায়ী করে একই ধরনের জবানবন্দি দেন। জবানবন্দির শেষ পর্যায়ে দুজনেই আসামির কাঠগড়ায় হাজির কায়সারকে শনাক্ত করেন৷ জবানবন্দি শেষে এই দুই সাক্ষীকে আসামিপক্ষের জেরার জন্য আজ সোমবার দিন ধার্য করা হয়৷
আজহারের বিরুদ্ধে জবানবন্দি দিলেন তদন্ত কর্মকর্তা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা এস এম ইদ্রিস আলী৷ ২২ জুন তাঁকে আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য করা হয়েছে৷
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ইদ্রিস আলী রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন৷ তিনি বিভিন্ন সংবাদপত্র ও নথিপত্র সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেন৷ এগুলোর মধ্যে আজহারুল ইসলামের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্রও রয়েছে৷
জবানবন্দিতে ইদ্রিস আলী বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের সঙ্গে আসামি আজহারুলের সম্পৃক্ততার বিষয়ে তিনি পর্যাপ্ত তথ্যপ্রমাণ পেয়েছেন৷ জবানবন্দি শেষে সাক্ষীকে আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল৷