সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ পর্যায়ের কার্যক্রম অর্থাৎ যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। গতকাল বুধবার এই মামলায় রাষ্ট্রপক্ষ প্রথম দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল এই মামলার তদন্ত কর্মকর্তা এবং রাষ্ট্রপক্ষের ৩২তম ও শেষ সাক্ষী মনোয়ারা বেগমকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। এই মামলায় আসামিপক্ষে কোনো সাক্ষী না থাকায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়।
যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত বলেন, সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পর তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে ৩২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জেরা করেছেন। আসামিপক্ষ কোনো সাফাই সাক্ষী ট্রাইব্যুনালে হাজির করতে পারেনি। তিনি বলেন, আসামির বিরুদ্ধে ১৬টি অভিযোগ আনা হয়েছে। আসামিপক্ষ কোনোটিতেই অস্বীকৃতি না জানালেও দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশে এসব অভিযোগ আনা হয়েছে।
রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি যুক্তি উপস্থাপনকালে আসামির রাজনৈতিক জীবন তুলে ধরেন। তিনি বলেন, সত্তরের নির্বাচনে মুসলিম লীগ থেকে কায়সার মুক্তিযুদ্ধকালে তিনি মানবতাবিরোধী অপরাধ করেছেন।
রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। ৪ আগস্ট থেকে আসামিপক্ষকে যুক্তি উপস্থাপনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
কামারুজ্জামানের আপিলের শুনানি মুলতবি: এদিকে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের ওপর শুনানি আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। গতকাল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি মুলতবি করেন।
কামারুজ্জামানের আপিলের ওপর গত ৫ জুন শুনানি শুরু হয়। ৮ জুলাই দশম দিনের শুনানিতে ট্রাইব্যুনালের রায় উপস্থাপন শেষ করে আসামিপক্ষ। গতকাল কামারুজ্জামানের আইনজীবী মো. নজরুল ইসলাম সময়ের আবেদন জানান। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
পরে মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ মামলায় কামারুজ্জামানের পক্ষে প্রধান কৌঁসুলি হিসেবে আছেন খন্দকার মাহবুব হোসেন। তাঁর ব্যক্তিগত সমস্যা থাকায় দুই দিন সময় চাওয়া হয়। আদালত সময় মঞ্জুর করেছেন।
গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে ও খালাস চেয়ে গত বছরের ৬ জুন আপিল করেন তিনি।