কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ
সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন আজ বৃহস্পতিবার শেষ হয়েছে।
একাত্তরে হত্যা, গণহত্যা ও ধর্ষণের দায়ে কায়সারের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ কায়সারের বিরুদ্ধে সমাপনী যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ।
একাত্তরে কায়সারের জন্য যেসব নারী ধর্ষণের শিকার হয়েছিলেন, তাঁদের জন্য এবং এই মামলার সাক্ষী এক যুদ্ধশিশুর জন্য তুরিন ক্ষতিপূরণও দাবি করেন।
শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। আজ দুপুর দুইটা থেকে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করবে।
এর আগে যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত জানান, সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পর তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে ৩২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আসামির বিরুদ্ধে ১৬টি অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি যুক্তি উপস্থাপনকালে আসামির রাজনৈতিক জীবন তুলে ধরেন। তিনি আরও জানান, সত্তরের নির্বাচনে মুসলিম লীগ থেকে কায়সার মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ করেছেন।
আসামিপক্ষ অভিযোগের কোনোটিতেই অস্বীকৃতি না জানালেও দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে এসব অভিযোগ আনা হয়েছে।