সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা কাজী কবিরউদ্দিন প্রথম দিনের জবানবন্দিতে পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে কায়সার ও তাঁর বাহিনীর নানা নৃশংসতার বিবরণ দেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ কাজী কবিরউদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
রাষ্ট্রপক্ষ গতকাল অভিযোগ করেছে, গত বছরের আগস্ট থেকে জামিনে থাকা কায়সার এবং তাঁর ছেলে অন্য ব্যক্তিদের মাধ্যমে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
জবানবন্দিতে কাজী কবিরউদ্দিন (৭২) বলেন, একাত্তরে তিনি ‘এস’ ফোর্সের অধীনে মুক্তিযুদ্ধ করেন। মেজর জেনারেল কে এম সফিউল্লাহ ছিলেন এই বাহিনীর প্রধান। জবানবন্দিতে তিনি একাত্তরে হবিগঞ্জে মুক্তিযোদ্ধাদের প্রস্তুতি, পাকিস্তানি সেনাদের নৃশংসতা ও কায়সার বাহিনীর কার্যক্রম এবং কায়সারের ভূমিকা নিয়ে বিস্তারিত বিবরণ দেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ১২ এপ্রিল তিনি জানতে পারেন, কায়সারের বাড়িতে হবিগঞ্জ মহকুমার শান্তি কমিটি গঠিত হয়েছে। কায়সার শান্তি কমিটির সদস্য হয়েছেন। ১৫ এপ্রিল শোনেন, ৪০০-৫০০ জনকে নিয়ে কায়সার একটি বাহিনী গঠন করেছেন, তিনি নিজেই সেই বাহিনীর প্রধান।
কাজী কবিরউদ্দিন বলেন, কায়সার, তাঁর ভাই ফয়সাল ও পাকিস্তানি সেনাদের বিষয়ে খবর নিতে ২৭ এপ্রিল তাঁকে ও অপর মুক্তিযোদ্ধা হারুনকে দায়িত্ব দেন কে এম সফিউল্লাহ। চান্দুরা গ্রামের কাছাকাছি তাঁরা পাকিস্তানি সেনা ও কায়সারসহ ৫০-৬০ জনকে দেখেন। পাকিস্তানি সেনা ও কায়সার বাহিনীর যৌথ দল ইসলামপুরের দিকে যাচ্ছিল। তাঁরা গোপনে পিছু নেন। বেলা আড়াইটার দিকে যৌথ দলটি ইসলামপুরে পৌঁছায়। সেখানে তৎকালীন বুদুন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহানকে দেখার সঙ্গে সঙ্গে কায়সার চিৎকার করে তাঁকে গুলি করতে বলেন। পাকিস্তানি সেনারা শাহজাহানকে গুলি করে হত্যা করে।
সাক্ষী বলেন, একাত্তরের ২৮ এপ্রিল তাঁদের দুজন তথ্যদাতা—পানিহাটা গ্রামের কাদির মাস্টার ও মাধবপুরের নায়েব আলী জানান, কায়সার ও তাঁর বাহিনীর সদস্যরা এবং পাকিস্তানি সেনারা মাধবপুর বাজারের পূর্ব ও উত্তর দিকে আক্রমণ চালিয়েছে এবং সেখানে ১৫-২০ জনের মরদেহ দেখা গেছে।
কাজী কবিরউদ্দিনের জবানবন্দি শেষ না হওয়ায় আজ সোমবার আবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।