সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ৪ মার্চ থেকে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠন করে এ আদেশ দেন।
এসব অভিযোগের মধ্যে রয়েছে গণহত্যা, হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযো। অভিযোগ গঠনের শেষ দিকে ট্রাইব্যুনাল কায়সারের কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ। তিনি নিজেকে নির্দোষ দাবি করলে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সহযোগী ‘কায়সার বাহিনী’র প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত সৈয়দ মো. কায়সার বর্তমানে শারীরিক কারণে জামিনে আছেন। গত বছরের ২১ মে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত সংস্থা জানায়, একাত্তরে তত্কালীন হবিগঞ্জ মহকুমার শান্তি কমিটির সদস্য ও রাজাকার কমান্ডার সৈয়দ মো. কায়সার পাঁচ শতাধিক স্বাধীনতাবিরোধীকে নিয়ে ‘কায়সার বাহিনী’ গঠন করে পাকিস্তানি সেনাদের অপকর্মে সহায়তা করেন। তিনি নিজেই ছিলেন ওই বাহিনীর প্রধান।
মুক্তিযুদ্ধ শেষে আত্মগোপন করলেও ১৯৭৮ সালে সৈয়দ কায়সার প্রকাশ্য রাজনীতিতে ফিরে আসেন এবং ১৯৭৯ সালে সিলেট-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে তিনি বিএনপিতে যোগ দেন এবং হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হন। পরে তিনি সাবেক স্বৈরশাসক এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং ১৯৮৮ সালে হবিগঞ্জ-৪ আসন থেকে সাংসদ হন। ওই সময় তিনি কৃষি প্রতিমন্ত্রী ছিলেন। গত বছরের ২৮ মার্চ তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম।
গত বছরের ১৫ মে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২১ মে তাঁকে রাজধানীর একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁর জামিনের আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠান। তবে ৫ আগস্ট শারীরিক অবস্থা বিবেচনা করে ট্রাইব্যুনাল তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেন। এখনো তিনি জামিনে রয়েছেন।
কায়সারের বিরুদ্ধে অভিযোগ
তদন্ত সংস্থা জানায়, মুক্তিযুদ্ধকালে কায়সারের অপরাধের বিস্তৃতি ছিল হবিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত। একাত্তরের ১৫ নভেম্বর কায়সার তাঁর বাহিনী ও পাকিস্তানি সেনারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা এলাকার ২০-২২টি গ্রামে অভিযান চালিয়ে শতাধিক লোককে হত্যা করে এবং বাড়িঘর লুণ্ঠনের পর অগ্নিসংযোগ করে। এছাড়া তাঁর নেতৃত্বে কায়সার বাহিনী ও পাকিস্তানি সেনারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও নাসিরনগর থানা এবং হবিগঞ্জের সদর, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ থানায় হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্ষণ সংঘটিত হয়।
একাত্তরের ১১-১২ মে কায়সার পাকিস্তানি সেনাদের নিয়ে হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে এক সাঁওতাল নারীকে ধর্ষণ করে। আগস্ট মাসের মাঝামাঝি মাধবপুরর থানায় অপহরণ, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় কায়সার জড়িত ছিলেন। তাঁর নেতৃত্বে কায়সার বাহিনী একাত্তরের ১৮ আগস্ট চুনারুঘাট চা বাগান এলাকায় অভিযান চালিয়ে চারজন মুক্তিযোদ্ধাকে আটক করে নির্যাতন করে এবং সবাইকে হত্যা করে লাশ কুয়ার মধ্যে ফেলে দেয়।