কায়সারের শাস্তির দাবিতে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে মারধরে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগের কর্মী কায়সার আহমেদের শাস্তির দাবিতে গতকাল সোমবার ক্লাস বর্জন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। এ ছাড়া গতকাল প্রক্টরের কার্যালয়ে ছাত্রলীগের ওই কর্মীর বিরুদ্ধে র্যাগিংয়ের নামে হয়রানি এবং উত্ত্যক্ত করার অভিযোগে লিখিত অভিযোগ দিয়েছেন বিভাগের আরও চার শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পদার্থবিজ্ঞান বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ওই বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী কায়সার আহমেদের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে প্রক্টরের কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা প্রক্টরের কাছে বিভাগের ২০৪ জন শিক্ষার্থীর স্বাক্ষর-সংবলিত একটি স্মারকলিপি জমা দেন তাঁরা। শিক্ষার্থীরা জানান, উত্ত্যক্ত করার অভিযোগে ৪১ ব্যাচের এক ছাত্রী কায়সারের বিরুদ্ধে প্রক্টরের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া ৪২ ব্যাচের তিনজন ছাত্র তাঁর বিরুদ্ধে র্যাগিংয়ের নামে হয়রানি করার লিখিত অভিযোগ দিয়েছেন।
শিক্ষার্থীরা আরও জানান, এর আগে গত এপ্রিলে র্যাগিংয়ের অভিযোগে কায়সারকে বিভাগ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশের তোয়াক্কা না করে তিনি বিভিন্ন সময় র্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের হয়রানি করা অব্যাহত রেখেছেন। সর্বশেষ গত রোববার সন্ধ্যায় বিভাগের ৪১ ব্যাচের প্রতিবন্ধী শিক্ষার্থী আশরাফুল ইসলামকে মারধর করার ঘটনায় বিভাগের অধিকাংশ শিক্ষার্থী সংঘবদ্ধ হন এবং তাঁর শাস্তির দাবিতে স্মারকলিপি দেন।
র্যাগিংয়ে বাধা দেওয়ায় গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে নতুন কলা ভবনের সামনে পদার্থবিজ্ঞান বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী কায়সার আহমেদের নেতৃত্বে সংগঠনটির ১০-১২ জন কর্মী আশরাফুলকে মারধর করেন।