সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী মো. আবদুল মোতালেব৷ জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে কায়সারের নির্দেশে দুই পাকিস্তানি সেনা হবিগঞ্জে চা-শ্রমিক এক আদিবাসী নারীকে ধর্ষণ করে৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুল মোতালেবের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি রানা দাশগুপ্ত৷ তাঁকে সহায়তা করেন রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি তুরিন আফরোজ ও রেজিয়া সুলতানা৷ শারীরিক কারণে জামিনে থাকা কায়সার ট্রাইব্যুনালে হাজির ছিলেন৷
জবানবন্দিতে আবদুল মোতালেব (৭৭) বলেন, তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একরতলী গ্রামে৷ একাত্তরে তিনিসহ কয়েকজন ছিলেন মুক্তিযোদ্ধাদের তথ্যদাতা (সোর্স)৷ তাঁর দায়িত্ব ছিল পাকিস্তানি সেনা ও রাজাকাররা এলাকায় কী করে, সেই তথ্য মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মতিউর রহমানকে দেওয়া৷ একাত্তরের ১১ বা ১২ মে, সম্ভবত বৈশাখ মাসের শেষ দিকে সকালে তিনি তথ্য দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন৷ তিনি পথে ডোলনা চা-বাগানের দরগাবিলে একটি বটগাছের কাছে পেঁৗছে রাস্তায় পাকিস্তানি সেনাদের পাঁচটি গাড়ি দেখেন৷ এর মধ্যে চারটি গাড়ি ডোলনা চা-বাগানের দিকে যায়৷ দরগাবিলে থাকা গাড়িটিতে তিনি পাকিস্তানি মেজর ইউসুফ আলীর টুআইসি শের বাহাদুর, মেজর ইউসুফ, সৈয়দ কায়সার ও অপরিচিত দুজন বাঙালিকে দেখেন৷ শের বাহাদুর তাঁকে দেখে হাত ইশারায় ডাকেন৷ এ সময় সৈয়দ কায়সার তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করেন৷ ওই চারটি গাড়ি সেখানে ফিরে এলে তাঁকে গাড়িতে তুলে পাকিস্তানি সেনারা চান্দপুরের দিকে রওনা দেয়৷ মেজর হাফিজ, শের বাহাদুর, সৈয়দ কায়সার একই গাড়িতে ছিলেন৷
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, চান্দপুরে পেঁৗছে চারটি গাড়ি চা ফ্যাক্টরির দিকে যায়৷ তবে তিনি যে গাড়িতে ছিলেন, সেটি চান্দপুর ছাগল বাজার থেকে প্রায় ৩০০ গজ দূরে গিয়ে থামে৷ এ সময় কায়সার অপরিচিত দুই বাঙালি ও দুই পাকিস্তানি সেনাকে নিয়ে পার্শ্ববর্তী এক চা-শ্রমিকের বাড়িতে যান৷ মেজর ইউসুফ তখন তাঁকে (সাক্ষী) চলে যেতে বলেন৷ তিনি তখন আখখেতের মধ্য দিয়ে এক আদিবাসী নারীর বাড়ির কাছাকাছি গিয়ে তাঁর কান্না ও চিৎকার শুনে বেড়ার আড়ালে লুকান৷ ওই নারী চিৎকার করে বলছিলেন, ‘আমাকে বেইজ্জতি করেছে, আমি আর বাঁচতে চাই না৷’ পাশের বাড়ি থেকে এক বৃদ্ধ ওই নারীকে উদ্ধার করতে গেলে কায়সার ও দুই অপরিচিত বাঙালি বৃদ্ধকে কিল-ঘুষি মারেন ও ধাক্কা দিয়ে ফেলে দেন৷ কায়সার ও পাকিস্তানি সেনারা নোয়াপাড়ার দিকে চলে গেলে তিনি ওই বৃদ্ধের কাছে নির্যাতিত নারীর পরিচয় জানেন এবং শোনেন, কায়সারের নির্দেশে দুই পাকিস্তানি সেনা ওই নারীকে ধর্ষণ করেছে৷
জবানবন্দি শেষে মোতালেবকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী৷ জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়৷