
জীবদ্দশায় তিনি আলোচিত-সমালোচিত থেকেছেন সারাটা জীবন। তারই মধ্যে পৃথিবীব্যাপী সম্মানিত হয়েছেন। তাঁর আঁকা ছবি বিক্রি হয়েছে দেদার, চড়া মূল্যে। মকবুল ফিদা হুসেন নামটি শুনলে শিল্পের চাদরে মোড়া এক বিপ্লবীর কথাই মনে হয়। প্রচলিত অর্থে গড়ে তোলা বিপ্লবীর অবয়ব এ নয়, এ সৃজন-সংগীতে আপ্লুত, নিমজ্জিত এক নায়ক। তাঁর দেখা মেলে পৃথিবীর তাবৎ বড় আর্ট গ্যালারিগুলোতে, আর ধনী শিল্পরসিকদের সংগ্রহে। এবার তিনি এসেছেন সাধারণের ধরাছোঁয়ার মধ্যে।
রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় মকবুল ফিদা হুসেনের ছাপচিত্র নিয়ে প্রদর্শনী শুরু হচ্ছে আজ ২৪ জানুয়ারি। শিরোনাম ‘এম এফ হুসেন: জার্নি ইন গ্রাফিকস’। শিল্পীর ৫৯টি ছাপচিত্র দেখা যাবে কায়ার সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে। কী বিচিত্র রঙিন চোখেই না পৃথিবীটাকে দেখেছেন মকবুল! সেই রঙিন পৃথিবীকেই দেখার সুযোগ হলো এবার।
প্রদর্শনীতে দেখা যাবে মকবুলের বিখ্যাত মাদার সিরিজের কিছু কাজ। মায়ের শূন্য মুখ, একটা আদুরে হাত—এটাই দেখা যাচ্ছে ছবিগুলোতে, কিন্তু যদি জানা যায় মাত্র দুই বছর বয়সে মা-হারানো এই ছেলে আজীবন খুঁজেছেন মাকে, তখন এই ছবির মধ্যে পাওয়া যায় স্নেহ-ভালোবাসার পরশ। মায়ের অবয়ব তিনি আঁকবেন কী করে, তাঁর তো মনেই নেই। এমনকি মা যখন মাদার তেরেসায় সমর্পিত হয়ে, তখনো তা অবয়বহীন। কিন্তু স্নেহশীলা মাকে শিল্পী অনুভব করেন।
আর ওই ঘোড়াগুলো! চকিতে একবার মনে করিয়ে দেয় পিকাসোর কথা। পিকাসোর কাছ থেকে, কিউবিজমের কাছ থেকে ঋদ্ধ হয়েছেন মকবুল, ঋদ্ধ হয়েছেন পারস্য ও ভারতীয় চিত্রকলা থেকে। তারপর তৈরি করেছেন নিজের পথ। মকবুলের ঘোড়াগুলো অমিত তেজি, ছুটন্ত, গতিশীল। মনে হয় ক্যানভাস ছেড়ে বুঝি বেরিয়ে আসবে এক্ষুনি।
হর্স সিরিজের কিছু কাজের সঙ্গে প্রদর্শনীতে আরও দেখা যাবে মহাভারত, হনুমান, কাইট ও নিউইয়র্ক সিরিজের কাজ। তাঁর চিত্রকলায় পাওয়া যায় ভারতের বহু ভাষা, সংস্কৃতি ও ধর্মের মানুষকে। সবার অনুভূতিগুলোকে তিনি মূর্ত করেছেন তাঁর ক্যানভাসে। তাই হুসেনের ছবিই বাইরের দুনিয়ায় হয়ে ওঠে ভারতের প্রতিবিম্ব।
চলচ্চিত্র শিল্পের সঙ্গে যোগাযোগের কারণে মকবুলের চিত্রকর্ম পেয়েছে অন্য মাত্রা। স্বশিক্ষিত এই শিল্পী জীবনের প্রথম পর্যায়ে খালি পায়ে হেঁটে এসেছিলেন ভারতের মুম্বাই শহরে। স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে আঁকতে শুরু করেছিলেন সিনেমার পোস্টার আর ব্যানার। দেব–দেবী ও সিনেমার নায়ক-নায়িকার অবয়ব তাঁকে অনুপ্রাণিত করেছিল।
পরে চলচ্চিত্রও বানিয়েছিলেন তিনি। থ্রু দ্য আইস অব আ পেইন্টার নামে একটি ১৮ মিনিটের ছবি বানিয়েছিলেন, যা বার্লিন চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জিতে নিয়েছিল গোল্ডেন বিয়ার। সেটা ১৯৬৭ সাল। ২০০০ সালে তাঁর অতি প্রিয় মাধুরী দীক্ষিতকে নিয়ে বানালেন গজগামিনী। আরেক প্রিয় শিল্পী টাবুকে নিয়ে তৈরি করেছিলেন মীনাক্ষি টেল অব থ্রি সিটিজ, ২০০৪ সালে। ছবিগুলোর সবই নারী আর পেইন্টিংয়ের যুগলবন্দী।
জীবদ্দশাতেই মকবুলের ছবির মূল্য আকাশ ছুঁয়েছিল, তাঁর মনেই প্রশ্ন জেগেছিল, কী করে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। ছাপচিত্র সে সুযোগ করে দিয়েছে। গ্যালারি কায়ার কর্ণধার গৌতম চক্রবর্তী জানালেন, এখানে মকবুল ফিদা হুসেনের ছাপচিত্রের কাজ কেনা যাবে। এসব ছাপচিত্র সেরিগ্রাফ, সিল্ক স্ক্রিন ও লিথোগ্রাফ মাধ্যমে করা। প্রদর্শনী শেষ হবে ৩১ জানুয়ারি। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মকবুল-দর্শনপ্রার্থীদের জন্য খোলা থাকবে গ্যালারি কায়া।