কায়েমি স্বার্থবাদী একটি মহল চক্রান্তে লিপ্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে কায়েমি স্বার্থবাদী একটি মহল গভীর চক্রান্তে লিপ্ত। জনগণের দুর্ভোগ সৃষ্টি করাই ওই মহলের লক্ষ্য। গতকাল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) নির্বাহী কমিটির নব নির্বাচিত সদস্য ও কাউন্সিলর এবং বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন। খবর ইউএনবি ও বাসসের।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নব নির্বাচিত সদস্য ও প্রতিনিধিদের বলেছেন, সরকার সব ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সম্পূর্ণভাবে সজাগ ও সচেতন রয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে বলেন, তারা দেশের উন্নয়নে কিছুই করেনি বরং দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ করে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। স্বাধীনতার ৪০ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার জন্য দীর্ঘদিন গণতান্ত্রিক শাসনব্যবস্থার অনুপস্থিতিকে দায়ী করে শেখ হাসিনা বলেন, ধারাবাহিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছাড়া কখনোই উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী দেশের নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার জন্য ইলেট্রনিক ভোটিং পদ্ধতি চালুর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এতে দেশে গণতন্ত্র আরও সুসংহত এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। এসআই মতিউরের স্ত্রীকে ১০ লাখ টাকার চেক প্রদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জ জেলার আড়িয়ল বিল এলাকায় নিহত পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমানের স্ত্রী রুবিনা বেগমকে ১০ লাখ টাকার চেক প্রদান করেছেন। প্রধানমন্ত্রী গতকাল তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে রুবিনা বেগমের হাতে এই চেক তুলে দেন। গত ৩১ জানুয়ারি আড়িয়ল বিল এলাকায় দায়িত্ব পালনকালে মতিউর রহমান নিহত হন।