কিংবদন্তি ইমরান ক্রিকেট কার্নিভ্যালের শিরোপা জিতল ডি এম স্মেসারস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি-মোহাম্মদপুরের দল ডি এম স্মেসারস ৪২ রানে পুরান ঢাকার দল ‘নওয়াব অব ওল্ড ঢাকা’কে পরাজিত করে প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে। ছবি: সংগৃহীত
ধানমন্ডি-মোহাম্মদপুরের দল ডি এম স্মেসারস ৪২ রানে পুরান ঢাকার দল ‘নওয়াব অব ওল্ড ঢাকা’কে পরাজিত করে প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে। ছবি: সংগৃহীত

কিংবদন্তি ইমরান ইউসুফ ক্রিকেট কার্নিভ্যালে শিরোপা জিতেছে ডি এম স্মেসারস। ধানমন্ডি-মোহাম্মদপুরের দল ডি এম স্মেসারস ৪২ রানে পুরান ঢাকার দল নওয়াব অব ওল্ড ঢাকাকে পরাজিত করে প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে একই দিনে প্রথম সেমি ফাইনালে ডি এম স্মেসারস স্টার অব কুষ্টিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে নওয়াব অব ওল্ড ঢাকা মিরপুর কিংসকে ৬৪ রানে পরাজিত করে।

খেলায় অংশগ্রহণ করে ১০ টি দল। গ্রুপ ‘এ’র দলগুলো হলো—উত্তরা টাইটান্স, খিলগাঁও এবেঞ্জারস, বাসাবো টাইগার্স, ডি এম স্মেসারস ও নওয়াব অব ওল্ড ঢাকা।
গ্রুপ ‘বি’র দলগুলো হলো—মিরপুর কিংস, স্টার অব কুষ্টিয়া, সাইলেন্ট ওয়ারিওরস, তেজগাঁও লায়ন্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জারস।

টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি পেয়েছে চট্টগ্রামের দল চট্টগ্রাম চ্যালেঞ্জারস। স্প্রিরিট অব দ্য টিমের ট্রফি পেয়েছে উত্তরান দল উত্তরা টাইটান্স। ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার পেয়েছে নওয়াব অব ওল্ড ঢাকার টনি। ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার পান ডি এম স্মেসারসের তুর্য।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্টার অব কুষ্টিয়া দলের প্রয়াত খেলোয়াড় ইমরান ইউসুফের পরিবারের হাতে এক লাখ টাকা তুলে দেওয়া হয়।

প্রাথমিকভাবে টুর্নামেন্টের নাম কিংবদন্তি ক্রিকেট কার্নিভ্যাল নির্ধারণ করা হলেও পরে গত ১০ জানুয়ারি সিটি ইউনিভার্সিটি মাঠে স্টার অব কুষ্টিয়া দলের পক্ষে ইমরান ইউসুফ একটি প্রস্তুতি ম্যাচে খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে টুর্নামেন্টের নাম কিংবদন্তি ইমরান ইউসুফ ক্রিকেট কার্নিভ্যাল করা হয়।

‘মানবতার কল্যাণে কিংবদন্তি সবখানে’ এই নীতিকথা থেকেই ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে বর্তমানে ২৭ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে।

কিংবদন্তি ইমরান ইউসুফ ক্রিকেট কার্নিভ্যালে শিরোপা জিতেছে ডি এম স্মেসারস। ছবি: সংগৃহীত
কিংবদন্তি ইমরান ইউসুফ ক্রিকেট কার্নিভ্যালে শিরোপা জিতেছে ডি এম স্মেসারস। ছবি: সংগৃহীত

‘আমরাই কিংবদন্তি’ (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইনভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্রছাত্রীদের একত্র করে একক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে। বন্ধুদের একত্র করার প্রয়াস থেকেই প্রথমবারের মতো সারা বাংলাদেশ থেকে ১০ দল নিয়ে ১৭, ১৮, ২৪, ও ২৫ জানুয়ারি কিংবদন্তি ইমরান ইউসুফ ক্রিকেট কার্নিভ্যালের (পাওয়ার্ড বাই DENIM Solutions Ltd.) গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয়।

‘আমরাই কিংবদন্তি’ গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল। এর মধ্যে অন্যতম হচ্ছে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ, রক্তদান কর্মসূচিসহ বিবিধ কার্যক্রম।

একটি অনলাইনভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের ও সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সুনাগরিক, যাঁরা গ্রুপটিকে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছেন। ধারাবাহিকভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষের পাশে চিকিৎসা সেবাসহ সব মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছেন এই গ্রুপের সদস্যরা ।